দ্য ওয়াল ব্যুরো: অনলাইন ক্লাসে মন দেয়নি মেয়ে। ঠিকঠাক জবাব দেয়নি শিক্ষকের প্রশ্নের। তার জেরে ১২ বছরের মেয়েকে নৃশংস ভাবে মারধর করেছে তার মা। পেনসিল দিয়ে ক্রমাগত খুঁচিয়ে কুপিয়ে আঘাত করেছে মেয়েকে। মুম্বই মিররের প্রতিবেদন অনুসারে সান্তাক্রুজ থানায় ওই মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
পুলিশ সূত্রে খবর, গত বুধবার অনলাইনে ক্লাস করছিল ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী। ক্লাস চলাকালীন তাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করেন শিক্ষক। কিন্তু সঠিক উত্তর দিতে পারেনি ওই পড়ুয়া। এতেই বেজায় চটে যায় বাচ্চাটির মা। ক্ষেপে গিয়েছে মেয়ের পিঠে পেনসিল গেঁথে গেঁথে তাকে মারতে শুরু করে ওই মহিলা। বেধড়ক মারধরও করা হয় বাচ্চাটিকে। দিদিকে মা এভাবে মারছে দেখে এগিয়ে আসে ছোট বোন। মায়ের ওরকম ভয়ঙ্কর রূপ দেখে ভয় পেয়ে যায় সে। তবে দিদিকে বাঁচানোর জন্য বুদ্ধি করে চাইল্ড হেল্পলাইন নম্বরে ফোন করে ওই বাচ্চাটি।
খবর পেয়ে তড়িঘড়ি ওই কিশোরীর বাড়িতে পৌঁছয় একটি এনজিও-র দুই প্রতিনিধি। বারবার তাঁরা বাচ্চাটির মাকে বোঝানোর চেষ্টা করেন যে বাচ্চাদের এভাবে মারধর করা মোটেও ঠিক নয়। কিন্তু নিজের জেদে অনড় মহিলা কোনও কথা শুনতেই রাজি ছিল না। উল্টে এনজিও-র প্রতিনিধিদের সামনেই মেয়েকে ফের মারতে শুরু করে ওই মহিলা। বাধ্য হয়েই স্থানীয় থানায় খবর দেওয়া হয়।
এরপর ঘটনাস্থলে আসে সান্তাক্রুজ থানার পুলিশ। অভিযুক্ত মহিলার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির উপযুক্ত ধারায় মামলা রুজু হয়েছে। যদিও তাকে এখনও গ্রেফতার করেনি পুলিশ। নিজের মেয়ের সঙ্গে কেন এ হেন আচরণ করছিল ওই মহিলা তা জানার চেষ্টা করছে পুলিশ। কিশোরী এবং তার বোনকেও জিজ্ঞাসাবাদ করছেন পুলিশকর্মীরা। এর আগেও বাচ্চাটির সঙ্গে বা তার আর এক মেয়ের সঙ্গে মহিলা এ ধরনের কোনও আচরণ করেছে কিনা বা তাদের এভাবে মারধর করেছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।