
শেষ আপডেট: 16 August 2018 08:30
আর এই খবর জানাজানি হতেই সরকারের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে সাধারণ মানুষকে আরও বেশি সাবধান হতে। আয়ুষ্মান ভারতের সিইও ইন্দু ভূষণ জানিয়েছেন, এই ধরণের ভুয়ো ওয়েবসাইটের খপ্পরে যেন কেউ না পড়েন। সরকারের তরফে পুলিশে খবর দেওয়া হয়েছে। শিগগির এই সব ভুয়ো সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানিয়েছেন, স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী স্পষ্ট ভাবে বলেছেন যে ভারতীয় জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা দীন দয়াল উপাধ্যায়ের জন্মদিন ২৫ সেপ্টেম্বর চালু করা হবে এই প্রকল্প। সরকারি এই প্রকল্প হবে সম্পূর্ণ বিনামূল্যে। এর জন্য কাওকে কোনও রকম প্রিমিয়াম বা টাকা দিতে হবে না। এছাড়া কাওকে এই প্রকল্পে নাম নথিভুক্ত করারও প্রয়োজন নেই।
ইন্দু ভূষণ আরও জানান, এই প্রকল্পের জন্য সরকারি নম্বর হলো একটি (১৪৫৫)। এই প্রকল্প শুরু হয়ে গেলেই এই নম্বর থেকে সবার কাছে খবর পাঠানো হবে। সেখানেই জানা যাবে সব সুবিধার কথা। এমনকী স্থানীয় হাসপাতাল থেকেও জেনে নেওয়া যাবে এই 'আয়ুষ্মান ভারত' প্রকল্প পাওয়া সুবিধার কথা।
লাল কেল্লার ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, সরকারের প্রথম লক্ষ্য হলো দেশের সবথেকে গরিব মানুষদের এই প্রকল্পের সুবিধা দেওয়া। তারপর ধীরে ধীরে দেশের সব মানুষকে এর সুবিধা দেওয়া। ইতিমধ্যেই ২৮ রাজ্য এই প্রকল্পের ব্যাপারে কেন্দ্র সরকারকে নিজেদের সম্মতি জানিয়েছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এই প্রকল্পের ফলে প্রত্যেক পরিবার ৫ কোটি টাকা পর্যন্ত মেডিক্যাল বিমার সুবিধা নিতে পারে।