
শেষ আপডেট: 31 July 2020 16:25
এমনিতে শিম্পাঞ্জি, গোরিলা কিংবা ওরাংওটাং এদের প্রায় সকলেই মানুষের সংস্পর্শে থাকতে ভালবাসে। মনুষ্য জাতির করা নানা কার্যকলাপ অনায়াসেই করতে দেখা যায় তাদের। আর মোবাইল ফোন ব্যবহারে তো বেশ পটু তারা। এর আগে নিজেই সেলফি তুলে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল এক শিম্পাঞ্জি। আর এক শিম্পাঞ্জিকে আবার ইনস্টাগ্রাম ঘাঁটতে দেখা গিয়েছিল।
যাই হোক এ বার ফরেস্ট রেঞ্জারদের সঙ্গে ছবি তুলে বিখ্যাত হয়েছে এই দুই গোরিলা। জানা গিয়েছে, এদের নাম নাদাকাসি এবং নাদেজে। এই দুই মহিলা গোরিলা ছোটবেলাতেই অনাথ হয়ে গিয়েছিল। তারপর বেড়ে উঠেছে কঙ্গোর সেনকিউইকিউই সেন্টারে। অনাথ পাহাড়ি গোরিলাদের জন্য বিশেষ ভাবে এই সেন্টার বানানো হয়েছে। এই দুই গোরিলাকে দেখভালের জন্য সবসময় থাকেন ম্যাথিউ এবং প্যাট্রিক। তাদের সঙ্গে বেশ কায়দা করে ছবি তুলেছে দুই গোরিলা।
কঙ্গোর ভিরুঙ্গা ন্যাশনাল পার্কের এই ছবি বেশ পুরোনো। তবে টুইটারে পুরোনো ছবি নতুন করে ভাইরাল হওয়া এখনকার ট্রেন্ড। আর তেমন ভাবেই ৩১ জুলাই ওয়ার্ল্ড রেঞ্জার ডে'তে ফের ভাইরাল হয়েছে এই ছবি। শেয়ার করেছেন আইএফএস অফিসার প্রবীণ কাসওয়ান। ছবি শেয়ার করে প্রবীণ লিখেছেন, 'সেলফি লোড দ্য সেঞ্চুরি'।
https://twitter.com/ParveenKaswan/status/1289057442341326848?s=19
টুইটারে দুই গোরিলার এমন কায়দা করে ছবি তোলার অঙ্গভঙ্গি দেখে হাসির রোল উঠেছে নেটিজেনদের মধ্যে। কেউ বলেছেন, এমন স্টাইল যেকোনও মডেলকে টেক্কা দেবে। কেউ বা লিখেছেন ক্যামেরা দেখলে সবাই আদবকায়দা শিখে যায়। সে মানুষ হোক বা গোরিলা।