প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি চালু হলে বদলে যাবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের সড়ক যোগাযোগ ব্যবস্থা। আশা, দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন নিত্যযাত্রীরা।

ফাইল ছবি।
শেষ আপডেট: 16 August 2025 13:57
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে প্রতীক্ষার অবসান! ফারাক্কা ব্যারাজের গলা থেকে মুক্তি মিলছে যানজটের। পুজোর আগেই (Durga Puja) চালু হতে চলেছে গঙ্গার বুকে তৈরি চার লেনের নতুন সেতু (New Four-lane Bridge of Farakka)। প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি চালু হলে বদলে যাবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের সড়ক যোগাযোগ ব্যবস্থা (North and South Bengal)। আশা, দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন নিত্যযাত্রীরা।
২০১৮ সালের ডিসেম্বরে শুরু হয়েছিল সেতুর নির্মাণকাজ। লক্ষ্য ছিল ২০২১ সালের মধ্যে কাজ শেষ করা। কিন্তু একাধিক কারণে দেরি হয়। অবশেষে এ বার পূর্ত অধিকারিকদের আশ্বাস, দুর্গাপুজোর আগেই গাড়ি চলবে নতুন সেতুতে।
বর্তমানে ফারাক্কা ব্যারাজের উপর যে সেতুটি রয়েছে, তা দু’লেনের। অথচ তার দু’দিকে ১২ নম্বর জাতীয় সড়কে চার লেনের রাস্তা। ফলে রোজই যানজটের কবলে পড়তে হয় হাজার হাজার গাড়িকে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে, আগে যেখানে প্রতিদিন গড়ে ৩ হাজার গাড়ি চলাচল করত, এখন তা বেড়ে ১২ হাজারের বেশি। ফলত, ব্যারাজের উপর চাপ বাড়ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে লকগেট। বিশেষজ্ঞদের মতে, নতুন সেতু চালু হলে কেবল যানজটই কমবে না, ফারাক্কা বাঁধের নিরাপত্তাও অনেকটাই সুরক্ষিত হবে।

প্রকল্প সূত্রে জানা গিয়েছে, অ্যাপ্রোচ রোড-সহ সেতুর দৈর্ঘ্য হবে ৫.৪৬৮ কিলোমিটার। এর মধ্যে ২.৫৮ কিলোমিটার মূল সেতু, বাকিটা সংযোগ সড়ক। চওড়ায় সেতুটি ২৫ মিটার (৮২ ফুট)। মোট খরচ ধরা হয়েছিল ৫২১ কোটি টাকা। তবে নির্মাণ কাজে দেরি হওয়ায় খরচ বেড়ে দাঁড়িয়েছে ৬২২.০৪ কোটি।
একটি চিনা সংস্থা এবং বিশাখাপত্তনমের একটি সংস্থা যৌথভাবে সেতুর নির্মাণের দায়িত্বে। মাস খানেক আগে প্রকল্প আধিকারিক ভেঙ্কটেশ স্বামী সেতুর কাজ পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন জেলা প্রশাসনের আধিকারিকরাও।
স্থানীয়দের আশা, দ্রুত সেতুটি চালু হলে উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগের গতি বাড়বে বহুগুণ। পুজোর আগে সেই খুশির খবর শুনতে মুখিয়ে রয়েছেন জেলার বাসিন্দারা।