
শেষ আপডেট: 6 May 2023 06:14
দ্য ওয়াল ব্যুরো: সোনার ছেলে নীরজ চোপড়া (Neeraj Chopra win gold medal)। শুক্রবার দোহায় ডায়মন্ড লিগে (diamond championship at Doha) জ্যাভিলিন ছুড়ে ফের ইতিহাস লিখলেন তিনি। কিন্তু এবারও তাঁর ৯০ মিটারের স্বপ্নপূরণ হল না। দোহায় তাঁর জ্যাভিলিন (javelin throw) থামল ৮৮.৬৭ মিটার দূরত্ব অতিক্রম করে।
গতবছরও এই লিগে প্রথম পদক জিতেছিলেন নীরজ। সামনে এশিয়ান গেমস, তার আগে এই সাফল্য নিঃসন্দেহে নীরজকে বাড়তি অক্সিজেন জোগাবে তা বলার অপেক্ষা রাখে না। শুক্রবার দোহার সুহেম বিন হামাদ স্টেডিয়ামে প্রথমবার জ্যাভলিন ছুড়েই চমক দেন নীরজ। প্রথমবারেই তাঁর জ্যাভলিন চলে যায় ৮৮.৬৭ মিটার। ২০২২ সালে জুরিখের ডায়মন্ড লিগে সফলতা পেয়েছিলেন নীরজ।
টোকিও অলিম্পিকে সোনা জিতেছিলেন তিনি। কিন্তু আফসোস ছিল ৯০ মিটারের গণ্ডি পেরোতে না পারায়। সেই থেকে তাঁর একটাই লক্ষ্য ছিল ৯০ মিটার জ্যাভলিন ছোড়া। দোহাতেও সেটা হল না ঠিকই, তবে ডায়মন্ড লিগে নীরজ দেশের হয়ে সাফল্য পেয়ে খুশি তিনি।

শুক্রবার মোট ৬ বার জ্যাভলিন ছোড়েন। প্রথমবার সেটা যায় ৮৮.৬৭ মিটার। বাকিগুলো অতিক্রম করে যথাক্রমে ৮৬.০৪ মিটার, ৮৫.৪৭ মিটার, ৮৪.৩৭ মিটার ও ৮৬.৫২ মিটার। ম্যাচ শেষে সোনার ছেলে নীরজ বলেন, ' এখনও আমি নিজের সেরা ফর্মে পৌঁছতে পারিনি। তবে এই সোনা আমাকে আমার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।'
নীরজের এই সাফল্যে উদ্বেলিত গোটা দেশ। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর টুইট করে অভিনন্দন জানিয়েছেন। তিনি টুইটে লেখেন, 'নীরজ দেশের মুখ উজ্জ্বল করেছেন। দেশকে নতুন করে সম্মানিত করেছে। নীরজই হল আদর্শ চ্যাম্পিয়ন।'
শুক্রবার সুহেম বিন হামাদ স্টেডিয়ামে গ্যালারিতে ভারতীয় দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নীরজের প্রতিটি থ্রো-র আগে পরে ', নীরজ…' হর্ষধ্বনিতে কান পাতা ভার হয়ে উঠেছিল। সেই নিয়ে ম্যাচ শেষে নীরজ বলেন, 'অনেক মানুষ আজ আমায় সমর্থন জানাতে গ্যালারিতে এসেছিলেন। তাঁদের আনন্দ দিতে পেরে আমি খুশি।'
ব্যাটে রানের ফোয়ারা, তবু কেন কেবল কিপিং নিয়ে এত কথা! প্রশ্ন তুললেন ঋদ্ধি নিজেই