পুলিশ অবশ্য স্পষ্ট জানিয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই মামলা দায়ের করা হয়েছে।

সজল ঘোষ।
শেষ আপডেট: 3 September 2025 14:22
দ্য ওয়াল ব্যুরো: বিজেপি নেতা সজল ঘোষের (BJP leader Sajal Ghosh) বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ! পুলিশ সূত্রে খবর, গত ৯ অগস্ট নবান্ন অভিয়ানের সময় এক পুরুষকে জুতো দেখিয়েছিলেন সজল। সেই ঘটনাকে কেন্দ্র করেই তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির ধারায় মামলা রুজু করেছে পুলিশ (Molestation of a man, police case)। অভিযোগ প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল রাজ্য রাজনীতিতে।
অভিযোগ নিয়ে বিজেপি নেতা সজল ঘোষের কটাক্ষ, “যদি কাউকে জুতো দেখিয়েও থাকি, তাতে কি এমন অন্যায় করেছি? চরিত্র নিয়ে কথা বলছে, ঠিক আছে, কিন্তু রুচি নিয়েও প্রশ্ন তুলছে! পুরুষকে নাকি শ্লীলতাহানি করেছি! যে ধারায় মামলা দেওয়া হয়েছে, সেটা তো করাতে গেলে একজন মহিলার থাকা দরকার। পুলিশ আসলে কোথায় পৌঁছে গিয়েছে, সেটাই প্রমাণ হল।”
পুলিশ অবশ্য স্পষ্ট জানিয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই মামলা দায়ের করা হয়েছে। তবে রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, জুতো দেখানো কি আদৌ শ্লীলতাহানির আওতায় পড়ে? বিজেপি শিবিরের অভিযোগ, শাসক দলের ইঙ্গিতেই বিরোধী নেতাদের ভয় দেখাতে এভাবে মামলা সাজানো হচ্ছে।
সজল ঘোষের বিরুদ্ধে এই মামলা সামনে আসতেই কার্যত দুই মেরুতে বিভক্ত হয়েছে রাজনৈতিক মহল। তৃণমূল শিবিরের দাবি, বিজেপি নেতাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠছে, এ থেকেই তাঁদের প্রকৃত চরিত্র বোঝা যাচ্ছে। অন্যদিকে বিজেপি বলছে, পুলিশকে হাতিয়ার করেই বিরোধীদের দমন করার চেষ্টা করছে সরকার।
নবান্ন অভিযানের ময়দান থেকে রাজনীতির রণক্ষেত্রে এই মামলার প্রতিধ্বনি যে আরও দীর্ঘস্থায়ী হবে, তা এখনই স্পষ্ট।