
শেষ আপডেট: 11 April 2023 05:54
দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে মহিলাদের ঋতুকালীন স্বাস্থ্যের (Menstrual hygiene) বিষয়ে অভিন্ন জাতীয় নীতি আনার জন্য সোমবার কেন্দ্রকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এর মধ্যে ছাত্রীদের বিনামূল্যে স্যানিটরি ন্যাপকিন (sanitary pad) দেওয়ার কথাও বলা হয়েছে।
সমস্ত রাজ্যগুলিকে তো বটেই, সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, পিএস নরসিমহা এবং জেবি পার্দিওয়ালার একটি বেঞ্চ এদিন কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে স্কুলগুলিতে ছাত্রীদের টয়লেট আছে কিনা, কোথায় কতগুলি আছে, এবং স্কুলে স্যানিটারি ন্যাপকিন সহ অন্য ঋতুকালীন সামগ্রীর সরবরাহ কেমন তা জানাতে নির্দেশ দিয়েছে।
'অভিন্ন জাতীয় নীতি চালু করার বিষয়ে কেন্দ্রকে রাজ্যগুলির সঙ্গে কথা বলতে হবে, যাতে রাজ্যগুলিও সামঞ্জস্য বজায় রেখে তা চালু করতে পারে। যে ইস্যুটি উত্থাপন করা হয়েছে, তার গুরুত্বের কথা মাথায় রেখে আমরা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিচ্ছি যে তাদের নিজস্ব তহবিল থেকে ঋতুকালীন স্বাস্থ্যবিধির বিষয়ে কী নীতি চালু রয়েছে সে ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রকের সচিবের কাছে ৪ সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে,' জানানো হয়েছে শীর্ষ আদালতের নির্দেশিকায়।
অতিরিক্ত সলিসিটর জেলারেল ঐশ্বর্য ভাটি আদালতকে জানিয়েছেন, রাজ্যগুলি তাদের ইতিমধ্যেই চালু থাকা নীতির কথা জানালে কেন্দ্র এ ব্যাপারে একটি সাধারণ মডেল আনতে পারে।
গত ১ এপ্রিল শীর্ষ আদালতে এই বিষয়ে একটি আবেদন করেছিলেন আইনজীবী বারিন্দর কুমার শর্মা। তিনি জানান, স্কুলগুলিতে ঋতুকালীন স্বাস্থ্য ও সেই সংক্রান্ত জিনিসের অপ্রতুলতা স্বাস্থ্যক্ষেত্রে একটি বড় বাধা। ঋতুস্রাব সংক্রান্ত ভুল ধারণা, প্যাড ও অন্য সামগ্ৰী না থাকায় প্রতি বছর অজস্র ছাত্রী স্কুলছুট হয়। অজস্র শিক্ষা প্রতিষ্ঠানে তো মেয়েদের জন্য আলাদা টয়লেটও নেই বলে দাবি করা হয় আবেদনটিতে।
আপিলটিতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে পাঠরত প্রতিটি কন্যাশিশুকে বিনামূল্যে স্যানিটারি প্যাড এবং সরকারি ও আবাসিক স্কুলে মেয়েদের টয়লেটের ব্যবস্থা করার জন্য কেন্দ্র, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নির্দেশনা চাওয়া হয়েছে।
এরপরেই আদালত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক দ্বারা গঠিত মিশন স্টিয়ারিং গ্রুপকে জাতীয় নির্দেশিকাগুলি পুনঃমূল্যায়ন করার নির্দেশ দিয়েছে এবং প্রক্রিয়াটিকে পরিচালনা করার জন্য স্বাস্থ্য মন্ত্রকের সচিবকে মনোনীত করেছে। স্কুলগুলিতে স্যানিটারি প্যাড, প্যাড ভেন্ডিং মেশিনের জন্য কত টাকা বরাদ্দ রয়েছে, এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলগুলিতে ছাত্রীদের জন্য ব্যবহৃত স্যানিটারি প্যাড ফেলার কী ব্যবস্থা রয়েছে তা জানানোর জন্য মিশন স্টিয়ারিং গ্রুপকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
সেরিব্রাল পলসিতে আক্রান্ত ছেলে হারিয়ে গিয়েছিল ১৫ বছর আগে, বাড়ি ফিরিয়ে আনল কলকাতা পুলিশ