ভারতের হয়ে ১০০-র কাছাকাছি ম্যাচ খেলা প্রাক্তন অধিনায়ক নবি এবং তাঁর সতীর্থ মেহতাবের নামও এখন কমিশনের খাতায় ‘বিচারাধীন’ (Under Adjudication)।

বিচারাধীন দুই ফুটবলার
শেষ আপডেট: 3 March 2026 13:35
দ্য ওয়াল ব্যুরো: গত ২৮ ফেব্রুয়ারি রাজ্য নির্বাচন কমিশন (Election Commission) যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ (Voter List) করেছে, তা নিয়ে বিতর্ক যেন থামছেই না। মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপজয়ী তারকা রিচা ঘোষের (Richa Ghosh) পর এবার সেই তালিকায় ‘বিচারাধীন’ (Under Adjudication) হিসেবে নাম জুড়ে গেল বাংলার দুই ফুটবল (Footballer) আইকন— সৈয়দ রহিম নবি (Rahim Nabi) এবং মেহতাব হোসেনের (Mehtab Hossain)। আশ্চর্যজনকভাবে, ভারতের হয়ে ১০০-র কাছাকাছি ম্যাচ খেলা প্রাক্তন অধিনায়ক নবি এবং তাঁর সতীর্থ মেহতাবের নামও এখন কমিশনের খাতায় ‘বিচারাধীন’ (Under Adjudication)। অর্থাৎ, দেশের হয়ে মাঠ কাঁপানো এই তারকাদের নাগরিকত্বের নথি বা তথ্য নিয়ে এখনও নিশ্চিত হতে পারেনি কমিশন।
‘আমরা সাত ভাই, কমিশন বিশ্বাসই করছে না’
হুগলির পাণ্ডুয়ার ২৭৪ নম্বর বুথের ভোটার সৈয়দ রহিম নবি। বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর (SIR) প্রক্রিয়ার অঙ্গ হিসেবে গত ২৮ জানুয়ারি পাণ্ডুয়া কৃষক বাজারে তাঁর শুনানির দিন ধার্য ছিল। ব্যস্ততায় সেদিন না যেতে পারলেও পরে সশরীরে হাজিরা দেন নবি। কিন্তু তাতেও চিঁড়ে ভেজেনি। চূড়ান্ত তালিকায় তাঁর নামের পাশে এখন ‘বিচারাধীন’ তকমা।
শুনানি কেন্দ্রে হাজিরা দিয়ে সেই সময় তীব্র ক্ষোভ উগরে দেন নবি। বলেন, “আমরা যে সাত ভাই, নির্বাচন কমিশন মনে হয় সেটা বিশ্বাসই করতে পারছে না। এত বছর ধরে আমরা একসঙ্গে থাকি, জাতীয় দলের হয়ে জুনিয়র-সিনিয়র মিলিয়ে প্রায় ১০০ ম্যাচ খেলেছি, অধিনায়কত্ব করেছি, কলকাতার তিন প্রধানেই দাপিয়ে বেড়িয়েছি— তারপরও আমাকে সশরীরে এসে প্রমাণ দিতে হচ্ছে যে আমি এই দেশেরই নাগরিক!” দেশের হয়ে প্রতিনিধিত্ব করা একজন খেলোয়াড়কে এভাবে শুনানিতে তলব করা এবং তারপরও তাঁর নাম ঝুলিয়ে রাখাকে ‘চরম অপমানজনক’ বলেই মনে করছেন ফুটবলপ্রেমীরা।
তালিকায় মেহতাব ও রিচাও
নবির অভিন্নহৃদয় বন্ধু তথা ভারতীয় মাঝমাঠের একসময়ের সেনাপতি মেহতাব হোসেনের অবস্থাও তথৈবচ। তাঁকেও একইভাবে শুনানিতে ডেকে পাঠানো হয়েছিল এবং বর্তমানে তাঁর নামটিও ‘বিচারাধীন’ তালিকায় আটকে রয়েছে। এর আগে শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষের নামও এই তালিকায় আসায় শোরগোল পড়েছিল। রিচার বাবা জানিয়েছিলেন, খেলার কারণে রিচা বাইরে থাকায় তিনি নিজে ফর্ম জমা দিয়েছিলেন, কিন্তু তাতেও সমাধান হয়নি।