ওই ব্যবসায়ীর বাড়ির জানলা ভেঙে ঢুকে এই বিপুল পরিমাণ সোনা চুরির খবরে এলাকায় শোরগোল পড়েছিল। আতঙ্কিত হয়ে পড়েছিলেন আশেপাশের লোকজন। তবে এক সপ্তাহের মধ্যে পুলিশ ঘটনার কিনারা করায় স্বস্তি ফিরল।

শেষ আপডেট: 24 September 2025 11:15
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: আন্দুলের এক ব্যবসায়ীর বাড়ি থেকে ২৫ ভরি সোনা চুরির কিনারা করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে পরিচারিকা-সহ চার দুষ্কৃতীকে। গত বৃহস্পতিবার গভীর রাতে জানালা ভেঙে ঢুকে প্রায় ২৫ ভরি সোনার গয়না ও তিন লক্ষ টাকা নগদ চুরি করে পালায় দুষ্কৃতীরা।
শুক্রবার সকালে ঘুম ভাঙার পর আলমারি খোলা দেখে বিষয়টি নজরে আসে পরিবারের সদস্যদের। সাঁকরাইল থানায় অভিযোগ দায়ের করা হলে তদন্তে নামে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে রবিবার চার অভিযুক্তকে গ্রেফতার করে। সোমবার তাঁদের আদালতে পেশ করে তিন দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়।
অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের পর তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গা থেকে প্রায় আড়াই লক্ষ টাকা নগদ, ২৭ ভরি সোনার গয়না এবং ১০০ গ্রাম রুপোর সামগ্রী উদ্ধার হয়।
হাওড়া সিটি পুলিশের ডেপুটি কমিশনার (সাউথ) সুরিন্দর সিং সাংবাদিক বৈঠকে জানান, ধৃতদের নাম সুজয় মালিক (৩১), সঞ্জয় মালিক (২০) সুরজিৎ বাগ (২৩) ও পূর্ণিমা সিং (২৮)। তিনি বলেন, ‘‘পূর্ণিমা সিং ব্যবসায়ীর বাড়িতে পরিচারিকার কাজ করতেন। তিনি বাড়ির সব খুঁটিনাটি তথ্য জানতেন বলেই এই চুরির ছক কষা সম্ভব হয়। পূর্ণিমাই বাড়ির সমস্ত তথ্য দেয় ওই দুষ্কৃতীদের। তারপর সোনার গয়না চুরির ছক কষা হয়।পূর্ণিমাকে জেরা করেই গোটা দলটির হদিশ পাওয়া গেছে. সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করা হয় দুষ্কৃতীদের।’’
ওই ব্যবসায়ীর বাড়ির জানলা ভেঙে ঢুকে এই বিপুল পরিমাণ সোনা চুরির খবরে এলাকায় শোরগোল পড়েছিল। আতঙ্কিত হয়ে পড়েছিলেন আশেপাশের লোকজন। তবে এক সপ্তাহের মধ্যে পুলিশ ঘটনার কিনারা করায় স্বস্তি ফিরল।