দ্য ওয়াল ব্যুরো : সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ানকে যখন নার্কোটিকস কন্ট্রোল ব্যুরোর (NCB) অফিসে নিয়ে আসা হয়, তখন তাঁর আশপাশে ছিল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। একটি ভাইরাল হওয়া ছবিতে তার মুখ দেখা গিয়েছে। তাকে নিয়ে ঘনিয়ে উঠেছে রহস্য। সেই লোকটিকে খুঁজে পাওয়ার জন্য লুক আউট নোটিশ জারি করেছে পুনে পুলিশ।
পুলিশের দাবি, ওই ব্যক্তির নাম কে পি গোসাবি। ২০১৮ সালে তার নামে জোচ্চুরির মামলা হয়েছিল। তখন থেকে সে আত্মগোপন করে আছে। লুক আউট নোটিশ জারির ফলে সে দেশ ছেড়ে পালাতে পারবে না। পুনে পুলিশের কমিশনার অমিতাভ গুপ্ত জানিয়েছেন, গোসাবির নামে ফরাসখানা থানায় অভিযোগ জমা পড়েছিল।
নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো জানিয়েছে, আরিয়ানদের বিরুদ্ধে মামলায় যে ন'জন সাক্ষী জোগাড় করা হয়েছে, গোসাবি তাদের মধ্যে একজন। সে নার্কোটিকস কন্ট্রোল ব্যুরোর কোনও অফিসার বা কর্মী নয়। মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক ইতিমধ্যে এনসিবি-র অফিসে গোসাবির উপস্থিতি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন।
মহারাষ্ট্র পুলিশ বলেছে, ২০১৮ সালে গোসাবি পুনের এক ব্যক্তির থেকে মালয়েশিয়ায় চাকরি করে দেবে বলে টাকা নিয়েছিল। চিন্ময় দেশমুখ নামে এক ব্যক্তি অভিযোগ করেন, গোসাবি তাঁর থেকে ৩ লক্ষ ৯ হাজার টাকা নিয়েছে। গোসাবি সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে বলেছিল, মালয়েশিয়ায় কয়েকটি হোটেলে কিছু পদ ফাঁকা আছে। চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সে চিন্ময়ের থেকে দফায় দফায় টাকা নেয়। সে বলেছিল, চাকরি করে দিতে না পারলে টাকা ফেরত দেবে। কিন্তু ফেরত দেয়নি।
গোসাবি নিজেকে প্রাইভেট ডিটেকটিভ বলে পরিচয় দেয়। অভিযোগ, সে বিদেশে চাকরি পাইয়ে দেওয়ার নামে আরও অনেকের থেকে টাকা নিয়েছে।
শাহরুখ পুত্র এখন আছেন মুম্বইয়ের আর্থার জেলে। সূত্রের খবর, আর্থার জেল থেকে আরিয়ানকে যে খাবার খেতে দেওয়া হচ্ছে তার কিছুই খাচ্ছেন না তারকা-পুত্র। প্রথম থেকে তিনি কেবল বিস্কুট আর জল খেয়ে রয়েছেন। জেলের ক্যান্টিন থেকে কিনে খাচ্ছেন বিস্কুট। ১২টি জলের বোতল ছিল আরিয়ানের সঙ্গে, সেগুলি এখন প্রায় শেষ হয়ে এসেছে। এরপর কিনতে হবে জলও।
আরিয়ান খানের জন্য মন্নত থেকে খাবার পাঠানো হয়েছিল। কিন্তু জেলের নিয়ম সকলের জন্যই সমান। বাড়ির খাবার আরিয়ানের কাছে পৌঁছতে দেওয়া হয়নি। আর পাঁচজন সাধারণ কয়েদির মতোই জেলে দিন কাটাতে হচ্ছে আরিয়ানকে। ইতিমধ্যে বার দুয়েক তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। বুধবারও আরিয়ানের জামিনের শুনানি ছিল, তা বৃহস্পতিবার চলবে। এখন দেখার আরিয়ান বৃহস্পতিবার জামিন পান কিনা।
গত ৩ অক্টোবর মুম্বইয়ের বিলাসবহুল রেভ পার্টি থেকে গ্রেফতার হয়েছিলেন আরিয়ান খান। মাদক মামলায় তার হাতে হাতকড়া পরিয়েছিল এনসিবি। জেরার মুখে শাহরুখ পুত্র স্বীকার করে নিয়েছিলেন তিনি মাদক নিয়েছেন। এনসিবি দাবি করেছে, আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে যুক্ত আরিয়ান ও তাঁর সঙ্গীরা।