
ফাইল চিত্র
শেষ আপডেট: 12 December 2024 18:58
দ্য ওয়াল ব্যুরো: পারদ কমেছে রাজ্যের প্রায় সর্বত্র। নেমেছে কলকাতার তাপমাত্রাও। এই পরিস্থিতিতে আরও সুখবর নিয়ে হাজির হল আলিপুর আবহাওয়া দফতর। আগামীকাল থেকে শৈত্যপ্রবাহের মিলল সতর্কতা। রাজ্যে এটিই মরশুমের প্রথম শৈত্যপ্রবাহ, বললেন প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত।
বৃহস্পতিবার সকাল থেকেই পারদ নেমেছে কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায়। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা নেমেছে আরও খানিকটা বেশি। আলিপুর জানাচ্ছে, ১৫ তারিখের মধ্যেই জেলাগুলির তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নিচে নেমে যেতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে থাকবে। জাঁকিয়ে শীত পড়বে দক্ষিণবঙ্গে।
পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা আরও খানিকটা কমবে। যার ফলে ১৩ ডিসেম্বর, শুক্রবার থেকে ১৫ ডিসেম্বর, রবিবার পর্যন্ত শৈত্যপ্রবাহ চলবে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে।
পশ্চিমের জেলাগুলির সঙ্গে দক্ষিণের কয়েকটি জেলাতেও শৈত্য প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় শৈত্য প্রবাহ হতে পারে দক্ষিণবঙ্গের চার জেলা পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে।
১৮ ডিসেম্বর পর্যন্ত বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই। মোটের ওপর শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তুরে হাওয়া বাধা পাওয়ার কোনও সম্ভাবনা না থাকায় হাওয়াও বইবে। রাজ্যের দু'এক জেলায় সকালের দিকে সামান্য কুয়াশা হতে পারে। তবে, দিনভর আকাশ পরিষ্কার থাকবে।
আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে কুয়াশা থাকতে পারে। ঘন কুয়াশার তেমন কোনও সম্ভাবনা নেই।