
ফাইল চিত্র
শেষ আপডেট: 17 November 2024 10:13
দ্য ওয়াল ব্যুরো: শনিবার ২০ ডিগ্রিরও নিচে নামল কলকাতার তাপমাত্রা। পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রাও নেমেছে অনেকটাই। নভেম্বরের মাঝখান থেকেই শীতের আমেজ রাজ্যজুড়ে। এমন আবহাওয়াই আগামী আরও কয়েকদিন থাকবে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে রয়েছে কুয়াশার দাপট।
চলতি বছর মার্চে শীত বিদায় নেওয়ার সময় শেষবারের মতো ২০ ডিগ্রির নিচে নেমেছিল তাপমাত্রা। প্রায় আড়াইশো দিন পর ফের ২০ ডিগ্রির নিচে নামল কলকাতার পারদ। রাতের দিকে ও রবিবার ভোরে শীত অনুভূত হয়েছে রাজ্যের বেশ কিছু জায়গায়।
শীতের আমেজ দিয়েই রবিবার শুরু করেছে কলকাতা। আপাতত সোমবারও এই মনোরম আবহাওয়া থাকবে বলে জানাল আলিপুর। হালকা শীতের আমেজ বজায় থাকবে সপ্তাহজুড়ে। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। রাতে ও ভোরে পারদ আরও খানিকটা নামতে পারে। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশার সম্ভাবনা রয়েছে। শুষ্ক আবহাওয়া থাকবে সর্বত্র। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের তিন জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে। মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। এছাড়া হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে প্রায় সব জেলাতেই। রাজ্যের পশ্চিম দিকের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই নেমেছে। আগামী দুদিনে আরও ২-৩ ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।
এদিকে, পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর পশ্চিম ভারতে। উত্তর-পশ্চিম ভারতে রয়েছে জেট স্ট্রিম উইন্ডস।
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩৪ থেকে ৯৩ শতাংশ।