
বিক্ষোভে চাকরিহারারা
শেষ আপডেট: 21 April 2025 19:13
দ্য ওয়াল ব্যুরো: গত ১১ এপ্রিল বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) এবং এসএসসি (SSC) চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে বৈঠকের পর জানা গিয়েছিল, আইনি পরামর্শ নিয়ে দেড় সপ্তাহের মধ্যে যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ্যে আনতে পারে এসএসসি। সেই হিসেব মোতাবেক ২১ এপ্রিল সোমবার পৃথক তালিকা প্রকাশ করার কথা ছিল স্কুল সার্ভিস কমিশনের। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঝাড়াই-বাছাই করে কোনও তালিকা পেশ করেনি এসএসসি। বরং আচার্য সদনের ভিতর থেকে খবর এসেছে, থার্ড কাউন্সেলিং পর্যন্ত যাঁরা রয়েছেন তাঁদের বৈধ বলে ধরা হচ্ছে। যা নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এসএসসি ভবনের বাইরে।
এই মুহূর্তে এসএসসি ভবনের ভিতরে অবস্থানে ১৩ জন চাকরিহারা রয়েছেন। বাইরে বিক্ষোভে শামিল বাকিরা। পরিস্থিতি সামলাতে গিয়ে কার্যত নাকানিচোবানি খাচ্ছে পুলিশ। এক চাকরিহারা শিক্ষকের কথায়, "নোংরামির খেলা শুরু হয়েছে ভিতরে। বলা হচ্ছে থার্ড কাউন্সেলিং পর্যন্ত নাকি বৈধ। যদি তাই হয়, সেটাই বা কোন যুক্তিতে বলা হচ্ছে।"
আচার্য সদন থেকে 'অযৌক্তিক' খবর আসতেই স্পষ্ট করে বিক্ষোভকারীরা জানিয়ে দিলেন, যতক্ষণ না যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করা হচ্ছে, ততক্ষণ এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে এসএসসি ভবনের ভিতরেই আটকে রাখা হবে। তাঁদের বেরোনোর কোনও পথ নেই।
বস্তুত, যোগ্যদের তালিকা প্রকাশ করা হোক, সুপ্রিম কোর্টের রায়ের পর থেকে এই দাবিই তুলে আসছেন প্রায় ২৬ হাজার চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মী। সেই দাবি নিয়েই তাঁরা দেখা করেছিলেন ব্রাত্যের সঙ্গে। সেখানে শিক্ষা দফতরের তরফে আশ্বাসের সুরে বলা হয়, যোগ্য-অযোগ্যদের তালিকা তৈরি করতে শুরু করেছে এসএসসি (স্কুল সার্ভিস কমিশন)।
১৩ এপ্রিল এই বাছাই দ্বন্দ্বের আবহেই নতুন করে তালিকা করে ইমেল মারফত প্রায় ১৯ হাজার চাকরিহারার নাম শিক্ষা দফতরকে পাঠিয়েছিল এসএসসি (SSC)। সংশ্লিষ্ট তালিকায় নাকি 'যোগ্য' চাকরিচ্যুতদের নাম, স্কুলের নাম-সহ বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়।
এর পরপরই প্রশ্ন উঠতে শুরু করে, এসএসসির কাছে যদি আগে থেকেই যোগ্য-অযোগ্যদের তালিকা থাকে তাহলে আবার নতুন তালিকা তৈরি হল কী কারণে! শিক্ষা দফতরের এক সূত্র তখন জানায়, শীর্ষ আদালতের রায়ে যাঁদের 'অযোগ্য' বলে চিহ্নিত করা হয়নি, তাঁদের নামও এই তালিকায় ঠাঁই পেয়েছে। যার সবটা খুঁটিয়ে দেখবে শিক্ষা দফতর।
পুরোপুরি শিক্ষা দফতরের উপর ভরসা করতে না পারলেও খানিকটা আশার আলো দেখেছিলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীরা। চাতক পাখির মতো আজ সোমবার কখন এসএসসি তালিকা প্রকাশ করবে সেই দিকেই তাকিয়ে ছিলেন তাঁরা।
এসএসসির তরফে বলা হয়েছিল, আজ সন্ধে ৬টা নাগাদ চাল-কাঁকর আলাদা করে দেওয়া হবে। সেই মতোই প্রমাদ গুনছিলেন চাকরিহারারা। কিন্তু দেখা গেল যে বৈধতার কথা বলা হচ্ছে তাতে আশার আলো তো নয়ই, বরং নতুন করে বিতর্ক তৈরি হল।