
বাগুইআটি থানা
শেষ আপডেট: 27 February 2025 17:00
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা শহরে বাড়ি হেলে পড়ার (Tilt Buliding) একাধিক ঘটনা ঘটছে। বাঘাযতীন, ট্যাংরা, এন্টালি, তপসিয়া এবং ভবানীপুর, এই সব অঞ্চলে বাড়ি হেলে পড়ার প্রবণতা লক্ষ করা গিয়েছে। শুধু বাড়ি হেলে পড়াই নয়, এ সব ঘটনার সঙ্গে বেআইনি নির্মাণের অভিযোগও উঠে আসছে।
একের পর এক হেলা বাড়ি, বেআইনি নির্মাণ (Illegal Construction) ঠেকাতে উদ্যোগী বিধাননগর পুরসভা। পুলিশি তৎপরতাও তুঙ্গে। বাগুইআটি (Baguiati Illegal Construction) এলাকায় প্রোমোটারদের নামে ইতিমধ্যেই ৬ জায়গায় আবারও নোটিস (Notice) পাঠানো হয়েছে।
এর আগে নোটিস নাঙানোর পর তা ছিঁড়ে দেওয়া হয়েছে, এই মর্মে বাগুইআটি থানায় একাধিক অভিযোগ জমা পড়ে। এরপরই অভিযানে নামে পুলিশ। যে জায়গায় বেআইনি নির্মাণের অভিযোগ, সেখানে হানা দেন বাগুইআটি থানার আইসি।
বছরের শুরুতে তাসের ঘরের মতো একের পর এক বহুতল হেলে পড়ার ঘটনায় সংশ্লিষ্ট এলাকার পাশাপাশি শহরের অন্যান্য এলাকার বাসিন্দাদের মধ্যেও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বহুতল ঘিরে বিতর্কও কম হচ্ছে না।
ইতিমধ্যে এ ব্যাপারে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছে সরকার। একই সঙ্গে আগামীদিনে ফের কোনও বহুতল হেলে পড়লে বা বেআইনি নির্মাণ ঠেকাতে কী কী পদক্ষেপ করা যায়, তা ঠিক করতে খড়্গপুর আইআইটির বিশেষজ্ঞ নিয়ে বিশেষ কমিটি গড়েছে রাজ্য।
নবান্ন সূত্রের খবর, কোথাও বেআইনিভাবে নির্মাণের অভিযোগ উঠলে এখন থেকে এই কমিটি সেই অভিযোগের তদন্ত করবে। এমনকী কীভাবে সমস্যার সমাধান করা যাবে, তা নিয়ে প্রযুক্তিগত মতামতও দেবেন কমিটির সদস্যরা।