৫ জুন, বিশ্ব পরিবেশ দিবসে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল মনিপাল হাসপাতাল (পূর্বতন মেডিকা সুপারস্পেশালিটি হাসপাতাল)।

বিশ্ব পরিবেশ দিবস
শেষ আপডেট: 5 June 2025 20:04
দ্য ওয়াল ব্যুরো: ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবসে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল মনিপাল হাসপাতাল (পূর্বতন মেডিকা সুপারস্পেশালিটি হাসপাতাল)। কলকাতা পুরসভার ওয়ার্ড ১০৯-এর সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে সম্মান জানানো হয় সেইসব পরিচ্ছন্নতা কর্মীদের, যাঁরা প্রতিদিন শহরের পরিচ্ছন্নতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
ই এম বাইপাসের হাসপাতাল চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর শ্রীমতী অনন্যা ব্যানার্জী, হাসপাতাল কর্তৃপক্ষ, কর্মী এবং স্থানীয় বাসিন্দারা।
অনুষ্ঠানে কাউন্সিলর বলেন, “এই দিবস আমাদের মনে করায়, একটা সুস্থ জীবন শুরু হয় পরিষ্কার ও পরিচ্ছন্ন পরিবেশ থেকে। ওয়ার্ড ১০৯-এর পরিচ্ছন্নতা কর্মীদের এই সম্মান জানানোর উদ্যোগ একান্তই প্রয়োজনীয় ও প্রশংসনীয়। মেডিকা হাসপাতাল বহুদিন ধরে পরিবেশবান্ধব কাজ করে আসছে। পরিচ্ছন্নতা কর্মীরাই আমাদের সমাজের নীরব রক্ষাকর্তা।”
মনিপাল হাসপাতালের পূর্বাঞ্চলের প্রধান ডা. আয়নাভ দেবগুপ্ত বলেন, “স্বাস্থ্য ও পরিবেশ একে অপরের সঙ্গে জড়িত। এই কর্মীরা আমাদের শহরকে পরিষ্কার রাখেন বলেই আমরা সুস্থ থাকতে পারি। তাঁদের সম্মান জানানো আমাদের কর্তব্য।”
এই অনুষ্ঠানে পরিচ্ছন্নতা কর্মীদের ছোট উপহার ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। তাঁদের সঙ্গে হাসপাতালের আধিকারিক ও বাসিন্দারা খোলামেলা কথাও বলেন। পরিবেশ রক্ষার দায়িত্বে সকলে আরও বেশি সচেতন হন বলেও জানানো হয়। মনিপাল হাসপাতাল জানিয়েছে, স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি তারা সমাজের প্রতিও দায়বদ্ধ। তাই এই ধরনের অনুষ্ঠান তারা ভবিষ্যতেও চালিয়ে যাবে।