ভারতীয় আবহাওয়া অধিদফতরের (IMD) পূর্বাভাস অনুযায়ী, আজ মঙ্গলবার থেকেই কলকাতা ও তার আশেপাশের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতার আবহাওয়া
শেষ আপডেট: 17 June 2025 08:48
দ্য ওয়াল ব্যুরো: প্রায় কুড়ি দিন ঝিমিয়ে থাকার পর ফের বর্ষা ঝেপে এল বাংলায়। আর তার জেরেই এ সপ্তাহ জুড়ে বৃষ্টিরতে ভিজতে চলেছে গোটা কলকাতা ও দক্ষিণবঙ্গ। সোমবার থেকে আকাশে ছিল মেঘের আনাগোনা, সঙ্গে ছিল আর্দ্রতার অস্বস্তি। তবে মঙ্গলবার (Kolkata weather today) থেকে পরিস্থিতি বদলাতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
ভারতীয় আবহাওয়া অধিদফতরের (IMD) পূর্বাভাস অনুযায়ী, আজ মঙ্গলবার থেকেই কলকাতা ও তার আশেপাশের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জন্য জারি হয়েছে ইয়েলো অ্যালার্ট। ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি হয়েছে।
ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা
সপ্তাহের সবচেয়ে ভারী বৃষ্টি হতে পারে আজ মঙ্গলবার এবং আগামীকাল বুধবার। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই বাইরে বেরনোর আগে সাবধানে পথঘাট যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। কারণ, রাস্তাঘাটে জল জমে যানজট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার থেকে বৃষ্টি পশ্চিমের জেলাগুলির দিকে সরে যেতে পারে। বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে শুক্রবার এবং শনিবার ফের দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির দাপট বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
বৃষ্টি হচ্ছে, আর্দ্রতা যাচ্ছে না!
বৃষ্টি শুরু হলেও আপাতত কলকাতার আর্দ্রতাজনিত অস্বস্তি পুরোপুরি কাটছে না। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, আর রবিবার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল ৩১.৯ ডিগ্রিতে। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৫ শতাংশ থেকে ৯১ শতাংশের মধ্যে। ফলে ঘাম আর বৃষ্টির সঙ্গেই আপাতত লড়াই করতে হবে শহরবাসীকে।
তবে স্বস্তির খবরও আছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বর্ষা পুরোপুরি সক্রিয় হলে রাজ্যের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ফলে আগামী কয়েকদিনের মধ্যেই কিছুটা ঠান্ডা অনুভব করতে পারে রাজ্যবাসী।
বর্ষার ফের আগমন, সক্রিয় মৌসুমি বায়ু
দীর্ঘ বিরতির পরে ফের দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু এগোতে শুরু করেছে। ইতিমধ্যেই মুম্বই থেকে বালুরঘাট পর্যন্ত বিস্তৃত হয়েছে মৌসুমি অক্ষরেখা। এর ফলে আগামী দিনে বাংলা, বিহার, ঝাড়খণ্ড এবং গুজরাটেও বর্ষা জোরদার হবে।
সঙ্গে রয়েছে বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম অংশে, মহারাষ্ট্রের কেন্দ্রে, অসম, রাজস্থান ও হিমাচল প্রদেশে সাইক্লোনিক সার্কুলেশন। এমনকি একটি ট্রাফ লাইন মধ্যপ্রদেশ থেকে গঙ্গা-পূর্বাঞ্চল হয়ে বাংলাদেশের ভিতর দিয়ে কলকাতার পাশ দিয়েও বিস্তৃত হয়েছে। এই সমস্ত আবহাওয়া পরিস্থিতির মিলিত প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত অব্যাহত থাকবে।