পুরসভার আবেদন, “আশপাশে কোথাও অযত্নে জল জমতে দেখলে সঙ্গে সঙ্গে পুরসভাকে জানান। আপনার সতর্কতায় শহরকে নিরাপদ রাখার সবচেয়ে বড় হাতিয়ার।”

গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 5 December 2025 13:05
দ্য ওয়াল ব্যুরো: শহরে ডেঙ্গির (Dengue) গ্রাফ নামতে শুরু করেছে ঠিকই, কিন্তু শীতের (Winter) সকালে কলকাতা পুরসভার (Kolkata Municipality) ব্যস্ততা একটুও কমেনি। কারণ, আবহাওয়া ঠান্ডা হলেও ‘মাদার ফসি’—অর্থাৎ মশার বংশবিস্তারের মাতৃকেন্দ্রগুলো—এখনও কলকাতার জন্য বড় চিন্তার কারণ। আগামী তিন মাস জুড়ে এই গোপন লার্ভা-আশ্রয়স্থলগুলিকেই নজরদারির (Kolkata Municipality keeps strict vigil on dengue alert) মূল লক্ষ্য হিসেবে ধরেছে পুরসভা (focus on 'Mother Foci)।
গত সপ্তাহে শহরে ডেঙ্গির আক্রান্তের সংখ্যা ১২২-এ নেমে এসেছে। সংক্রমণ আগের থেকে কমেছে—এটা পুরসভার কাছে সুখবর। তবুও স্বাস্থ্যকর্তাদের আশঙ্কা, সামান্য অবহেলায় শীতের মধ্যেও লুকিয়ে থাকা এডিস মশা আবার সক্রিয় হয়ে উঠতে পারে।
বিশেষ করে নির্মাণাধীন বাড়ির কোণায় জমে থাকা জল, পরিত্যক্ত টব, ছাদের ট্যাঙ্ক বা পুরনো ড্রাম—এই জায়গাগুলিই শীতের মরসুমে ‘মাদার ফসি’ তৈরি হওয়ার সবচেয়ে সম্ভাব্য স্থান।
পুরসভার পতঙ্গবিদের ভাষায়, “শীত মানেই এডিস নিস্তেজ—এ ধারণা ভুল। জল জমে থাকলে মশার ডিম তিন থেকে ছ’মাস পর্যন্ত টিকে যেতে পারে। তাই এখনই সতর্ক না হলে বসন্তে আবার হানা দিতে পারে ডেঙ্গি।”
এই কারণেই শহরজুড়ে বাড়ানো হয়েছে নজরদারি। পুরসভার টিম নিয়মিত জল অপসারণ, লার্ভা ধ্বংস, নির্মাণস্থল পরিদর্শন এবং ওয়ার্ডভিত্তিক সচেতনতা অভিযান চালাচ্ছে। নাগরিকদেরও পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে কঠোর দায়িত্ব নিতে বলা হয়েছে।
পুরসভার আবেদন, “আশপাশে কোথাও অযত্নে জল জমতে দেখলে সঙ্গে সঙ্গে পুরসভাকে জানান। আপনার সতর্কতায় শহরকে নিরাপদ রাখার সবচেয়ে বড় হাতিয়ার।”