
শেষ আপডেট: 26 August 2023 08:21
দ্য ওয়াল ব্যুরো: ভারতে বসে পাকিস্তানের এক মহিলাকে দেশের বিভিন্ন ছবি, ভিডিও পাঠাচ্ছিল বলে অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার ভক্তবংশী ঝা নামে ওই যুবককে গ্রেফতার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) (Kolkata Police STF)। দেশের নিরাপত্তা সংক্রান্ত তথ্য পাচারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
সূত্রের খবর, বিহারের দারভাঙা জেলার বাসিন্দা ভক্তবংশী। কাজের সূত্রে কখনও দিল্লি, কখনও কলকাতা যাতায়াত করত। গত তিন মাস কলকাতায় থাকছিল সে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তার ডেরায় হানা দেয়।
পুলিশ সূত্রে খবর, দিল্লির এক কুরিয়ার সার্ভিস কোম্পানিতে কাজ করত ভক্তবংশী। এখন কলকাতায় চলে আসে। গুপ্তচরবৃত্তির অভিযোগ ছিল তার বিরুদ্ধে। তদন্তকারী অফিসারদের স্ক্যানারে ছিল সে। শুক্রবার তাকে গ্রেফতার করে এসটিএফ।
লালবাজারে জেরার সময় ধৃতের থেকে একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। সেই মোবাইল ঘেঁটে মিলেছে একাধিক ভিডিও, অনলাইন চ্যাট সহ নানান গুরুত্বপূর্ণ তথ্য। এইসব তথ্য পাকিস্তানের এক চরের কাছে পাঠানো হত বলেও দাবি পুলিশের।
উল্লেখ্য, সম্প্রতি কলকাতায় মার্কিন দূতাবাসের সামনে থেকে এক পাকিস্তানি মহিলাকে সন্দেহজনকভাবে ঘুরতে দেখে আটক করা হয়। চলতি মাসের শুরুতেই ওই মহিলাকে কলকাতার মার্কিন দূতাবাসের সঙ্গে উদ্দেশ্যহীন অবস্থায় ঘোরাঘুরি করতে দেখেন কর্তব্যরত পুলিশকর্মীরা। তারপরই তাঁকে আটক করা হয়। এবার এক যুবককে গ্রেফতার করা হল চরবৃত্তির অভিযোগে!
আরও পড়ুন: এবার সিদ্ধ চালে ২০ শতাংশ শুল্ক চাপাল ভারত! বিপাকে ইউরোপ, বাংলাদেশকে সরবরাহের আশ্বাস