
শেষ আপডেট: 15 March 2022 08:32
দ্য ওয়াল ব্যুরো: এরকমভাবে যে মৃত্যু হতে পারে, তা ভাবা যায়নি। সুশীল কুমারের (Sushil Kumar) বিরুদ্ধে খুনের অভিযোগ এখনও বিচারাধীন, তার মধ্যেই কবাডি তারকা সন্দীপ নানগালের (Sandeep Nangal Ambian) মৃত্যু রহস্য দানা বাঁধছে। জলন্ধরে (Jalandhar) একটি কবাডি (Kabaddi) আসরে খেলছিলেন দেশের প্রাক্তন কবাডি অধিনায়ক। তিনি পাকাপাকিভাবে থাকেন ইংল্যান্ডে। মূলত এই কবাডি আসরের জন্যই তিনি দেশে এসেছিলেন।
সোমবার আচমকা টুর্নামেন্ট খেলার সময়ই সন্দীপের বুকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়। মাথা ও বুকে চালানো হয়েছে ২০ রাউন্ড গুলি। জলন্ধরের মালিয়ান গ্রামে এই রোমহর্ষক ঘটনাটি ঘটেছে।
মনে করা হচ্ছে, সন্দীপের সঙ্গে অঞ্চলের কারোর প্রতিদ্বন্দ্বিতা ছিল। সেই ঘটনার জেরেই তাঁকে নৃশংসভাবে খুন করা হয়েছে। আবার পারিবারিক বিবাদের কথাও বিশেষভাবে বলা হচ্ছে।
জলন্ধরের ডেপুটি পুলিশ সুপার লখবিন্দর সিং মঙ্গলবার সকালে জানিয়েছেন, ‘‘আট থেকে দশটি গুলি চালানো হয়েছে। যদিও প্রত্যক্ষদর্শীদের দাবি, দুষ্কৃতিরা সন্দীপের বুক ও মাথা লক্ষ্য করে ২০ রাউন্ড গুলি চালায়। গুলি লাগার পরেই মৃত্যু হয় নামী তারকার।’’
সঙ্গে সঙ্গে সন্দীপকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় ১২জন দুষ্কৃতি হামলা চালায় সন্দীপের উপর। কেউ কেউ বলছেন, চারজন বন্দুকধারী ছিল। গলফ খেলার কিছু সরঞ্জাম নিয়ে বচসা শুরু হয়েছিল। সেখান থেকেই এত বড় ঘটনা ঘটে।
প্রায় এক দশকেরও বেশি সময় ধরে দেশের হয়ে কবাডি খেলেছেন সন্দীপ। শুধু ভারতীয় দল নয়, পাশাপাশি কানাডা, আমেরিকা এবং ইংল্যান্ডেও সুনামের সঙ্গে খেলেছেন তিনি। স্টপার পজিশনে খেলতেন সন্দীপ। যে কোনও দলে এতটাই অপরিহার্য ছিলেন, খেলোয়াড়ি জীবনে তাঁকে ‘ডায়মন্ড’ বলে ডাকা হতো। কেউ কেউ আবার ডাকতেন গ্ল্যাডিয়েটর নামেও।
সন্দীপ ভারতের প্রো কবাডি লিগেও খেলেছেন। তাঁর মতো কবাডির এক বড় তারকার এমন রহস্যমৃত্যুতে ক্রীড়ামহলে গভীর শোকের ছায়া নেমেছে। পুলিশ তদন্ত করে দেখছে, ঠিক কী কারণে এত আক্রোশ নিয়ে সন্দীপকে আক্রমণ করা হল।