
শেষ আপডেট: 16 December 2020 18:30
পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথে বসানো হবে এই স্যাটেলাইটকে। ৩৫ হাজার কিলোমিটার কক্ষপথে ৮৩ ডিগ্রি কৌণিক অবস্থানে বসবে সিএমএস-০১। পৃথিবীর কক্ষে এই স্যাটেলাইটকে বসিয়ে দিয়ে আসবে ইসরোর ‘পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল’ তথা পিএসএলভি রকেট। ইসরো জানিয়েছে, এমনভাবে এই স্যাটেলাইটকে বসানো হবে যাতে সেটি পৃথিবীর ঘূর্ণনের সঙ্গে একই গতি ঘুরতে পারে।
ইসরো জানাচ্ছে, এই কমিউনিকেশন স্যাটেলাইট রেডিও যোগাযোগে বিশেষ ভূমিকা নেবে। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, লক্ষদ্বীপের টেলি যোগাযোগ আরও উন্নত হবে। এই কৃত্রিম উপগ্রহের জন্য নিশ্চিত ভাবেই প্রযুক্তিগত দিক থেকে অনেকটাই এগিয়ে যাবে ভারত। আরও উন্নত হবে দেশের যোগাযোগ ব্যবস্থা। কেবল দিয়ে ইন্টারনেট যেখানে পৌঁছে দেওয়া সম্ভব নয়, সেই সব দুর্গম জায়গাতেও পাওয়া যাবে ইন্টারনেট পরিষেবা। অর্থাৎ, আরও কার্যকরী হবে ডিজিটাল ইন্ডিয়া। সারা ভারতে ব্রডব্যান্ড পরিষেবার উন্নতিতে এই স্যাটেলাইটের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। নতুন প্রজন্মের বিভিন্ন পরিষেবা এই স্যাটেলাইটের মাধ্যমে পাবে দেশের মানুষ।
জিস্যাটের সিরিজের একাধিক উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে ইসরো। এ বছর ১৭ জানুয়ারি, ভারতীয় সময় রাত ২টো ৩৫ মিনিটে দক্ষিণ আমেরিকার উত্তর-পূর্ব উপকূলবর্তী উৎক্ষেপণ কেন্দ্র ফ্রেঞ্চ গিনি থেকে আরিয়ানা-৫ লঞ্চ ভেহিকলের (ভিএ-২৫১) পিঠে চাপিয়ে পৃথিবীর কক্ষপথে পাঠানো হয় জিস্যাট-৩০ উপগ্রহকে। ৩৩৫৭ কিলোগ্রাম ওজনের জিস্যাট-৩০ উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় বিরাট পরিবর্তন আনতে চলেছে বলে জানায় ইসরো।
গত মাসেই রিস্যাট সিরিজের অত্যাধুনিক স্যাটেলাইট ইওএস-০১ (EOS-01) মহাকাশে পাঠিয়েছে ইসরো। এটি এক্স ব্যান্ড সিন্থেটিক-অ্যাপারচার রেডার (এসএআর)। রিস্যাট সিরিজের রিস্যাট-২বি, রিস্যাট-২বিআর১ এর পরে এটি হল তৃতীয় স্যাটেলাইট রিস্যাট-২বিআর২ যা পৃথিবীর কক্ষপথে বসানো হচ্ছে। ইসরোর বিজ্ঞানীরা বলেছেন, আবহাওয়ার হালহকিকত পৃথিবীর গ্রাউন্ড স্টেশনে পাঠাবে এই উপগ্রহ। কৃষিকাজে এবং যে কোনও প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করতে এই উপগ্রহের পাঠানো তথ্য খুবই কাজে আসবে।
গত বছর ডিসেম্বরে ইসরোর ‘মেঘনাদ’ রিস্যাট-২বিআর১ উপগ্রহকে মহাকাশে পৃথিবীর কক্ষে বসানো হয়েছে। ৬২৮ কিলোগ্রাম ওজনের সেই উপগ্রহকে মহাকাশে নিয়ে গেছে পিএসএলভি-সি৪৮। পৃথিবীর মাধ্যাকর্ষণের মায়া কাটিয়ে ৫৭৬ কিলোমিটার কক্ষপথে রিস্যাট-২বিআর১-কে বসিয়ে দিয়েছে ইসরোর রকেট। রিস্যাট-২বিআর১ কৃত্রিম উপগ্রহকে বলা হচ্ছে মহাকাশে ভারতের গোপন চোখ। নির্ভুল ভাবে শত্রুশিবিরের উপর নজরদারি চালাতেই পাঠানো হয়েছে এই নজরদারি উপগ্রহকে। রিস্যাট সিরিজের এই অত্যাধুনিক উপগ্রহের আগে জিস্যাট সিরিজের অনেক উপগ্রহকেই মহাকাশে পাঠিয়েছে ইসরো। এর আগে ভারতীয় নৌ বাহিনীকে সাহয্যের জন্য ২০১৩ সালে মহাকাশে পাঠানো হয়েছিল জিস্যাট-৭ স্যাটেলাইটটিকে। যাকে সেনা বাহিনীতে রুক্মিনী নামেও ডাকা হয়ে থাকে। ভারত মহাসাগরে কড়া নজরদারি চালায় এই উপগ্রহকে, শত্রু জাহাজের গতিবিধি টের পেলেই সেই বার্তা পাঠায় গ্রাউন্ড স্টেশনে।