
বৌমার উপর কাটারি নিয়ে চড়াও শ্বশুর।
শেষ আপডেট: 6 July 2024 13:45
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ঘুমন্ত অবস্থায় বৌমাকে কাটারি দিয়ে কুপিয়ে খুন করল শ্বশুর। নারকীয় এই ঘটনায় হতভম্ব ভদ্রেশ্বরের মানুষ।
পুলিশ সূত্রে জানা গেছে, ভদ্রেশ্বর পুরসভার চার নম্বর ওয়ার্ডের পালপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এদিন সকালে নিজের ঘরে ঘুমিয়েছিলেন মিঠু মিত্র (২৯)। তাঁর স্বামী নীলাংশু ঘুম থেকে উঠে বাইরে গিয়েছিলেন। অভিযোগ, এই সময় শ্বশুর হিমাংশু মিত্র ঘরে ঢুকে কাটারি দিয়ে বৌমার গলায় এলোপাতাড়ি কোপ মারতে থাকে। মিঠুর পাশেই ঘুমিয়ে ছিল তাঁদের দশ বছরের মেয়ে।
ওই কিশোরীর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। অভিযুক্ত হিমাংশুকে ধরে ফেলেন তাঁরা। রক্তাক্ত অবস্থায় ওই বধূকে চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্তকে গ্রেফতার করেছে ভদ্রেশ্বর থানার পুলিশ।
কী কারণে এমন ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। তবে স্থানীয় বাসিন্দাদের অনুমান, পারিবারিক অশান্তির কারণে এই ঘটনা ঘটতে পারে। বধুর পরিজন অভিযুক্তের কঠিন শাস্তি দাবি করেছে। তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ আধিকারিকরা জানান, কী কারণে খুন জানতে ধৃতকে জেরা করা দরকার। শনিবারই তাকে আদালতে পাঠিয়ে হেফাজতে চাইবে পুলিশ।