অভিযোগ, কাউন্সেলিংয়ের মাধ্যমে নির্ধারিত হাসপাতালে পোস্টিং হওয়ার কথা থাকলেও তাঁদের ইচ্ছার বিরুদ্ধে অন্যত্র বদলি করা হয়েছে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে।

গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 28 July 2025 19:51
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের মেডিক্যাল পরিষেবায় পোস্টিং সংক্রান্ত (Regarding posting in the state medical services) বিতর্কের অবসান হতে চলেছে শীঘ্রই। জুনিয়র চিকিৎসক ও আরজি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো, দেবাশিস হালদার এবং আসফাকুল্লা নাইয়ার দায়ের করা মামলার গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি শেষ হল কলকাতা হাইকোর্টে ( Calcutta High Court)। সোমবার রাজ্যের পক্ষ থেকে তোলা আপত্তির শুনানির পর রায়দান আপাতত স্থগিত রাখলেন বিচারপতি বিশ্বজিৎ বসু।
অভিযোগ, কাউন্সেলিংয়ের মাধ্যমে নির্ধারিত হাসপাতালে পোস্টিং হওয়ার কথা থাকলেও তাঁদের ইচ্ছার বিরুদ্ধে অন্যত্র বদলি করা হয়েছে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে। এই অভিযোগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অনিকেত, দেবাশিস এবং আসফাকুল্লা।
তবে রাজ্যের তরফে এই মামলা নিয়েই উঠেছে প্রশ্ন। শুনানিতে রাজ্যের আইনজীবী সাফ জানিয়েছেন, এই ধরনের বিষয় অর্থাৎ, সরকারি কর্মীদের পোস্টিং ও বদলি সংক্রান্ত মামলা,রাজ্য প্রশাসনিক ট্রাইবুনালের অধীনে পড়ে। ফলে হাইকোর্টে এই মামলা চলতে পারে না বলেই মত রাজ্যের।
বিচারপতি বিশ্বজিৎ বসু এদিন জানান, উভয় পক্ষের বক্তব্য শোনা হয়েছে। মামলাটি গ্রহণযোগ্য কি না, সেই প্রশ্নে আদালত এই সপ্তাহের মধ্যেই রায় দেবে।
অভিযোগ, বেছে বেছে আরজি কর আন্দোলনের অন্যতম মুখদের বদলির নামে নতুন করে হেনস্থা করা হচ্ছে। সেই আবহেই এই তিন চিকিৎসকের মামলা নতুন মাত্রা যোগ করেছে। রায় কোন দিকে যায়, সে দিকে নজর চিকিৎসক মহল থেকে প্রশাসনিক মহল, সকলেরই।