দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক বছরে শিশু নির্যাতন, ধর্ষণ, নারী ও শিশু পাচারের মতো ঘটনা বেড়েছে এ দেশে। সাইবার অপরাধের নিরিখে শঙ্কাজনক জায়গায় রয়েছে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্নাটক—এমনই তথ্য দিল ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো।
এনসিবি-র রিপোর্ট বলছে দেশের প্রায় প্রতি রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে সাইবার অপরাধ পাল্লা দিয়ে বেড়েছে। সব মিলিয়ে ১২ হাজারের বেশি মামলা নথিভুক্ত হয়েছে।
পুলিশ এবং সাইবার অপরাধ বিশেষজ্ঞদের মতে, গত কয়েক বছর ধরেই সোশ্যাল মিডিয়া এবং হোয়্যাটসঅ্যাপে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। লোকসভা ভোটের আগে সেটা কয়েকগুণ বৃদ্ধি পায়। ভোটের পরেও ভুয়ো খবর ছড়ানো নজরে এসেছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট বলছে, সাইবার অপরাধের নিরিখে সবচেয়ে এগিয়ে উত্তরপ্রদেশ। ২০১৭ সালে শুধুমাত্র উত্তরপ্রদেশেই শিশু নির্যাতন, যৌন হেনস্থা, বেআইনি লেনদেনের মতো অভিযোগ জমা পড়েছিল ৪৯৭১টি। দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। সাইবার অপরাধের অভিযোগ নথিভুক্ত হয়েছে ৩৬০৪টি। কর্নাটকের স্থান তৃতীয়ে। এ রাজ্য থেকে শিশু পাচার, যৌন নির্যাতনের মতো অভিযোগ জমা পড়েছে ৩১৭৪টি।
২০১৫ থেকে ২০১৬ সালের মধ্যে দেশে শিশুদের উপর নির্যাতনের হার বেড়েছে ১১ শতাংশ। ২০১৫ সালে শিশুদের উপর নির্যাতনের নথিভুক্ত অভিযোগের সংখ্যা যেখানে ছিল ৯৪ হাজার ১৭২, সেখানে ২০১৬ সালে এ সংক্রান্ত ১ লক্ষ ৬ হাজার ৯৫৮টি অভিযোগ নথিভুক্ত হয়েছে। এনসিআরবি জানিয়েছে, বাড়তে থাকা অপরাধের তালিকায় দিল্লি ও পশ্চিমবঙ্গও পিছিয়ে নেই।
২০১৭ সালের অভিযোগের সিংহভাগই নথিভুক্ত হয়েছে যৌন নির্যাতন, শিশু নির্যাতন, নারী পাচার-অপহরণের আওতায়। ধর্ষণের অভিযোগের হার ১৮ শতাংশ। এই সময়ের মধ্যে মোট ১ লক্ষ ১১ হাজার ৫৬৯ জন শিশুর নিরুদ্দেশ হওয়ার অভিযোগ নথিভুক্ত হয়েছে।
পড়ুন দ্য ওয়াল পুজো ম্যাগাজিনের বিশেষ লেখা