.jpeg)
ফাইল ছবি।
শেষ আপডেট: 29 November 2024 16:23
দ্য ওয়াল ব্যুরো: সকাল হলেই ধানের জমিতে পড়ে রয়েছে হনুমানের দেহ! দেহে সেভাবে কোনও আঘাতের চিহ্ন নেই। তবে মুখ দিয়ে বেরিয়েছে গ্যাঁজলা। যা থেকে অনুমান করা হচ্ছে, বিষ খাইয়েই হত্যা করা হয়েছে হনুমানগুলিকে।
হাওড়ার জগৎবল্লভপুরের ঘটনা। গত ১০ দিনে সেখানে একের পর এক হনুমানের মৃত্যুর ঘটনায় শোরগোল তৈরি হয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে বন দফতর। এভাবে একের পর এক হনুমানের মৃত্যুতে উদ্বেগ ছড়িয়েছে পরিবেশ প্রেমীদের মধ্যেও।
সূত্রের খবর, হনুমানগুলির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কলকাতার বেলগাছিয়া ও হাওড়ার আমতায় পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট এলেই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন বনকর্তারা। তবে মৃত হনুমানগুলির মুখ থেকে গ্যাঁজলা বেরোতে দেখে প্রাথমিকভাবে বনকর্মীদেরও অনুমান, বিষক্রিয়ার জেরেই মৃত্যু হয়ে থাকতে পারে।
জানা যাচ্ছে, সম্প্রতি জগৎবল্লভপুরের গোবিন্দপুর পঞ্চায়েতের বাটন দাসপাড়া গ্রামে হনুমানের তাণ্ডবের ঘটনা সামনে এসেছিল। হনুমানের আঁচড় ও কামড়ে বেশ কয়েকজন গ্রামবাসী জখমও হয়েছিলেন। ফলে পরিকল্পিতভাবে খাবারের সঙ্গে হনুমানগুলিকে বিষ মিশিয়ে খাওয়ানো হয়েছে কিনা, তাও খতিয়ে দেখার দাবি উঠেছে।
যদিও গ্রামের একাংশের বক্তব্য, এখন মাঠের ফসল বাঁচাতে বিভিন্ন ধরণের কীটনাশক ছড়ানো হয়। তার থেকেও বিষক্রিয়ায় হনুমানের মৃত্যু হয়ে থাকতে পারে।