তুতলিয়ে ইংরেজি পড়ছেন সরকারি স্কুলের ইংরেজি শিক্ষিকা, হোঁচট খাচ্ছেন বানানে, হতবাক জেলাশাসক
দ্য ওয়াল ব্যুরো: ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত ইংরেজি পড়ান শিক্ষিকা। সরকারি স্কুলটির ‘ইংলিশ ম্যাম’ বলতে তাঁকেই চেনেন সকলে। অথচ সেই শিক্ষিকাই ইংরাজিতে কয়েকটা লাইন পড়তে গিয়ে বারবার হোঁচট খেলেন। বানান করে পড়ার চেষ্টা করতে গিয়েও পারলেন না। ঘ
শেষ আপডেট: 29 November 2019 18:30
দ্য ওয়াল ব্যুরো: ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত ইংরেজি পড়ান শিক্ষিকা। সরকারি স্কুলটির ‘ইংলিশ ম্যাম’ বলতে তাঁকেই চেনেন সকলে। অথচ সেই শিক্ষিকাই ইংরাজিতে কয়েকটা লাইন পড়তে গিয়ে বারবার হোঁচট খেলেন। বানান করে পড়ার চেষ্টা করতে গিয়েও পারলেন না। ঘাবড়ে গিয়ে বললেন, চোখে দেখতে পাচ্ছেন না। খোদ ইংরেজি শিক্ষিকারই জ্ঞানের এমন বহর দেখে হতবাক জেলাশাসক। সরকারি স্কুলের শিক্ষাব্যবস্থার এই করুণ পরিণতি ফুটে উঠল উত্তরপ্রদেশে।
উন্নাও জেলার সিকন্দরপুরের ওই সরকারি স্কুলে আচমকাই পরিদর্শনে গিয়েছিলেন জেলাশাসক দেবেন্দ্র কুমার পান্ডে। প্রতিটা ক্লাস ঘুরে দেখে শিক্ষিকাদের সঙ্গে কথা বলে ক্লাস এইটের ঘরে আসেন তিনি। সেখানে তখন ক্লাস নিচ্ছিলেন স্কুলের ইংরেজির শিক্ষিকা রাজকুমারী। প্রথমে ছাত্রীদের কিছু প্রশ্ন করে নিরাশ হন জেলাশাসক। স্কুলের পাঠ্যবইয়ের প্রায় কিছুই জানা নেই তাদের। পড়ুয়াদের এমন দশা দেখে সোজাসুজি প্রশ্ন করতে শুরু করেন শিক্ষিকাকে। গোড়ায় গলদ সামনে আসে তখনই।
সিলেবাসের বই খুলে কয়েকটি লাইন রিডিং পড়তে বলেন শিক্ষিকাকে। হোঁচট খেতে খেতে পড়া শুরু করেন রাজকুমারী। মাঝে দু’একটা শব্দ বানান করেও পড়ার চেষ্টা করেন। কিন্তু একটিও লাইন পড়ে উঠতে পারেন না। শিক্ষিকার এমন জ্ঞানের বহর দেখে রীতিমতো উত্তেজিত হয়ে পড়েন জেলাশাসক দেবেন্দ্র কুমার পান্ডে। তৎক্ষণাৎ শিক্ষিকাকে বরখাস্ত করার নির্দেশ দেন তিনি।
https://twitter.com/ANINewsUP/status/1200634024588402697?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1200634024588402697&ref_url=https%3A%2F%2Fwww.news18.com%2Fnews%2Findia%2Fenglish-teacher-fails-to-read-textbook-during-surprise-check-at-up-school-video-goes-viral-2406359.html
নিজের সাফাই দিতে গিয়ে শিক্ষিকা অবশ্য বলেছিলেন তিনি চোখে ঠিক দেখতে পাচ্ছে না। তাতে আরও চটে যান জেলাশাসক। তিনি বলেন, “আপনাকে তো ইংরেজির অনুবাদ করতে বলিনি। শুধু পাঠ্যবইয়ের একটা চ্যাপ্টার পড়তে বলেছি। সেটাই পারছেন না।” সেই সঙ্গেই জেলাশাসকের প্রশ্ন শিক্ষিকাকে, “আপনি তো বিএ পাশ। স্কুলের খাতায় তাই লেখা আছে। তাহলে একটিও লাইন পড়তে পারছেন না কেন?” এই প্রশ্নের আর কোনও জবাব দিতে পারেননি শিক্ষিকা।
সরকারি স্কুলের শিক্ষিকার এমন তুতলিয়ে ইংরাজি পাঠের ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে শিক্ষা দফতর। যে স্কুলের শিক্ষিকার এমন হাল, সেখানে কী শিখবে পড়ুয়ারা? প্রশ্ন উঠেছে নানা মহলে। বিএসএ ‘বেসিক শিক্ষা অধিকারী’ প্রদীপ কুমার পান্ডে বলেছেন, জেলাশাসকের পরবর্তী নির্দেশের অপেক্ষা করা হচ্ছে। সেই নির্দেশ এলেই শিক্ষিকাকে স্কুল থেকে বরখাস্ত করা হবে।
আরও পড়ুন:
https://www.four.suk.1wp.in/news-national-jalore-teacher-performs-nagin-dance-suspended/