পুজো মণ্ডপের ভিতরেই দুর্ঘটনাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল পুজো উদ্যোক্তারই (Death due to puja pandal electrocution)। এই ঘটনায় শোকের ছায়া এলাকায়।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 27 September 2025 18:16
দ্য ওয়াল ব্যুরো: ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বাংলায়। এবার ঘটনাস্থল সোনারপুর (Sonarpur)। পুজো মণ্ডপের ভিতরেই দুর্ঘটনাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল পুজো উদ্যোক্তারই (Death due to puja pandal electrocution)। এই ঘটনায় শোকের ছায়া এলাকায়।
মৃতের নাম বিশ্বজিৎ সাহা। পেশায় একজন ইলেকট্রিশিয়ান। সুভাষগ্রাম কোদালিয়া শান্তি সঙ্ঘের উদ্যোক্তাদের একজন ছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীদের কথায়, ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে। সেইসময় প্যান্ডেলে ইলেকট্রিকের কাজ হচ্ছিল। হঠাৎ বিশ্বজিৎ একটি স্ট্যান্ড ফ্যানে হাত দিয়ে ফেলেন। তৎক্ষণাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা করা যায়নি। চিকিৎসকেরা বিশ্বজিৎ সাহাকে মৃত বলে ঘোষণা করেন।
শনিবার সকালে আরও একটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর সামনে এসেছে। বেহালার সরশুনায় দোকানের শাটার তুলতে গিয়ে প্রাণ হারান সুমন্তী দেবী। বয়স ৬২ বছর। প্রত্যক্ষদর্শীরা জানান, জমা জলে দাঁড়িয়ে দোকানের দরজা খুলছিলেন তিনি। সেই সময় শাটার বিদ্যুতের সংস্পর্শে চলে আসে। বিষয়টি টের পাননি সুমন্তী দেবী, আর সেখানেই বিপত্তি। বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
তাঁকে উদ্ধারের জন্য এগিয়ে আসেন আরও দু’জন। তবে তাঁরাও জখম হন। যদিও তাঁরা বেঁচে যান, কিন্তু শেষরক্ষা হয়নি সুমন্তী দেবীর। দুর্গাপুজোর আবহে হঠাৎ এই মৃত্যুতে শোকাচ্ছন্ন পুরো এলাকা।
গত সোমবার রাতে একটানা ৫ ঘণ্টার বৃষ্টিতে গোটা শহর জলমগ্ন হয়ে গেছিল। মাত্র ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। শনিবার জমা জলের বলি হলেন বেহালার প্রৌঢ়া।