
ফাইল ছবি
শেষ আপডেট: 7 November 2023 18:50
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: দুর্গাপুজোর অনুদানের টাকা আত্মসাতের অভিযোগকে ঘিরে মঙ্গলবার হুলস্থুল কাণ্ড বেঁধে গেল দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে। এদিন বিজেপির তরফে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছিল। দলের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ পৌঁছতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন দলের একাংশ কর্মী। গোটা ঘটনাকে ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
দলীয় সূত্রের খবর, দুর্গাপুজোর অনুদানের টাকা আত্মসাতের অভিযোগকে ঘিরে এলাকায় বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ চরমে পৌঁছেছিল। এদিন দলের রাজ্যের অন্যতম শীর্ষ নেতাকে সামনে পেয়ে তারই বর্হিপ্রকাশ ঘটান কর্মীরা। এই বিষয়ে দিলীপবাবু বা দলের রাজ্যস্তরের কোনও নেতার প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। তবে দুর্নীতি ইস্যুতে বিজেপির কোন্দল সামনে আসতেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে শাসকদল তৃণমূল।
কটাক্ষের সুরে শাসকদলের স্থানীয় নেতৃত্ব বলছেন, “চোরের মায়ের বড় গলা। নিজেরাই আদ্যন্ত দুর্নীতির ডোবা, তারা আবার অন্যদের দিকে আঙুল তোলে!”
দলীয় সূত্রের খবর, এবারে বিজেপির তরফে দলের নেতাদের ঘনিষ্ঠ একাধিক পুজো কমিটিকে পুজোর অনুদান দেওয়া হয়েছিল। মগরাহাটে ওই অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এদিন সেখানে বিজয়া সম্মিলনীতে দিলীপ ঘোষ পৌঁছতেই তাকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করেন দলের একাংশ কর্মী। ঘটনার আকস্মিকতায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন দিলীপ। পরে রক্ষীরা এসে তাঁকে উদ্ধার করেন।