
শেষ আপডেট: 6 August 2023 11:04
দ্য ওয়াল ব্যুরো: আবাসনের মধ্যে ফের একঝাঁক কুকুরের আক্রমণের (Dog attack) মুখে পড়ল একটি ছোট ছেলে! সময়মতো এক ডেলিভরি বয় এসে কুকুরদের তাড়িয়ে দিতে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পায় সে। কিন্তু এই উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এই ঘটনায় ফের প্রশ্ন উঠেছে পথকুকুরদের হিংস্রতা নিয়ে।
দেশের নানা প্রান্তে কুকুরদের এই আক্রমণ যেন প্রায় রোজকার ঘটনা হয়ে উঠেছে। প্রাণও যাচ্ছে ছোট ছোট ছেলেমেয়েদের। সম্প্রতি আবাসনের মধ্যে কিশোরের একঝাঁক পথকুকুরের মুখে পড়ার সেই ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে আসতেই নতুন করে ভয় পেয়েছেন সকলে।
সপ্তাহ খানেক আগেই পশ্চিমবঙ্গের কোলাঘাটে হিংস্র পথকুকুরদের আক্রমণে মারাত্মক ঘটনা ঘটে গেছে। অয়ন নামের এক কিশোরের নিম্নাঙ্গে কামড়ে, তার গোপনাঙ্গ খুবলে নেয় একদল কুকুর। অয়নকে ঘিরে ফেলে, তার ওপর ঝাঁপিয়ে পড়ে আঁচড়ে, কামড়ে শেষ করে দেয়। রক্তাক্ত অবস্থা আর্তনাদ করতে থাকে অয়ন। এই ঘটনা দেখতে পেয়ে অয়নকে বাঁচাতে যান স্থানীয় এক দোকানদার। রাস্তা থেকে ইট পাটকেল ছুড়ে কোনওরকমে অয়নকে উদ্ধার করেন। এরপরেই পরিবারের লোকজন ওই ছাত্রকে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তমলুক জেলা হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। আপাতত ওই ছাত্র সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
শুধু এই দুয়েকটি ঘটনা নয়, কুকুরের কামড়ে শিশুমৃত্যুর ঘটনা যেন ক্রমেই বাড়ছে দেশে। গত মাসেই রাজস্থানের বুন্দিতে পথকুকুরের আক্রমণে মারা যায় ১২ বছরের একটি ছেলে। বাড়ির কাছে একটি ফাঁকা জায়গায় তাকে কয়েকটি কুকুর ঘিরে ধরে কামড়াতে শুরু করে। মহারাষ্ট্র থেকেও গত ৬ মাসে ৬৪২৭টি কুকুর কামড়ের ঘটনা রিপোর্ট হয়েছে।
বস্তুত, গত প্রায় এক বছর ধরে কুকুর কামড় নিয়ে গোটা দেশে বেশ কিছু ঘটনা দেখা যাচ্ছে যা ভয় পাইয়ে দেওয়ার মতো। অভিজাত এলাকার বহুতল আবাসনের পোষা কুকুরও কোথাও কোনও শিশুকে কামড়ে দিচ্ছে তো কোথাও রাস্তার কুকুর কামড়ে ধরছে ছোট্ট স্কুল পড়ুয়াকে।
এটা ঠিক, যে কোভিডের সময়ে বহু মানুষ বাড়িতে ছেলেমেয়েদের নিঃসঙ্গতা কাটাতে কুকুর পোষা শুরু করেছিলেন। তা ছাড়া শিশুদের মধ্যে এখন কুকুর, বিড়াল বা খরগোশ পোষার প্রবণতা আগের চেয়ে অনেক বাড়ছে। কিন্তু বিক্ষিপ্ত ভাবে ডগ-অ্যাটাক (Dog attack), বা ডগ-বাইট বলে যে ট্রেন্ডিং ঘটনাপ্রবাহ মাঝে মধ্যে সোশাল মিডিয়ায় দেখা যাচ্ছে, তা আবার চিন্তারও বটে।
ইতিমধ্যেই নয়াদিল্লি (New Delhi) ও তার আশপাশের এলাকায় বহু আবাসনে পোষ্য কুকুরের মুখে মাস্ক পরানো বাধ্যতামূলক করা হয়েছে। যাতে আর যাই হোক, কুকুর যেন কামড়ে দিতে না পারে। কলকাতাতেও অনেক সোসাইটি বা অ্যাপার্টমেন্টে এই নিয়ম চালু হয়েছে।
কিন্তু এসবের মধ্যেই প্রায়ই দেশের নানা রাজ্য থেকে খবর আসছে কুকুরের কামড়ে শিশুমৃত্যুর বা আক্রমণের।