
ফাইল ছবি
শেষ আপডেট: 6 October 2024 19:38
দ্য ওয়াল ব্যুরো: ‘অভয়ার’ সুবিচারের দাবিতে আপনারাও এগিয়ে আসুন। রবিবার রাজ্যের সমস্ত পুজো কমিটিগুলিকে অনুরোধ জানাল চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরর্স।
বিবৃতি প্রকাশ করে চিকিৎসক সংগঠনের তরফে জানানো হয়েছে, মনের পাথর সরছে না কিছুতেই। ক্ষোভের যে আগুন জ্বলছে তাও এত সহজে নেভবার নয়। আশা রাখি, আমাদের আন্তরিক আবেদনে সাড়া দেবেন আপনারা প্রত্যেকে। রবিবার তৃতীয়ার দিনে এমন আর্জি জানিয়ে চিকিৎসকদের সংগঠন বুঝিয়ে দিল আন্দোলনের পথ থেকে এক চুলও সরবেন না তাঁরা।
হাতে গোনা আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই দেবী আরাধনায় মেতে উঠবে রাজ্য। উৎসবের আবহে মানুষ যেন কোনওভাবেই ‘অভয়ার’ সুবিচারের কথা ভুলে না যান সে কারণে এবার প্যান্ডেলে প্যান্ডেলে সুষ্ঠুভাবে প্রতিবাদের আর্জি জানানো হয়েছে। বিবৃতিতে দুটি বিষয় পরিষ্কার করে দেওয়া হয়েছে।
প্রথমত- পূজো মণ্ডপের মধ্যে কোনও একটি জায়গায় (যেখানে মানুষের নজর পড়বে) অভয়ার বিচারের দাবিতে ‘দ্রোহমঞ্চ এবং শপথ কোণ’ রাখার ব্যবস্থা করা হোক। যেখানে পুজোর দিনগুলোতে নির্যাতিতার স্মৃতির উদ্দেশে মানুষ প্রদীপ জ্বালাবেন। এছাড়াও মঞ্চের পাশেই নোটবুক রাখার আবেদন জানানো হয়েছে। যেখানে দর্শনার্থীরা নিজেদের মনের কথা লিখতে পারবেন।
দ্বিতীয়ত- নারকীয় ঘটনার প্রতিবাদে প্রতি ঘণ্টায় মাত্র দু’মিনিট অভয়ার বাবা, মায়ের পাঠানো আর্জি যেন মাইকে বাজানো হয়। চিকিৎসকরা বিবৃতির সঙ্গে অভয়ার অভিভাবকদের অডিও ক্লিপ জুড়ে দিয়ে সবাইকে পাশে থাকার আর্জি জানিয়েছেন।
পুজোর মুখে কর্মবিরতি তুললেও সুবিচারের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন চিকিৎসকরা। স্বাস্থ্য পরিষেবা সচল রেখেই আন্দোলনের রাস্তায় নেমেছেন তাঁরা। সে জুনিয়র হোক বা সিনিয়র ধর্মতলার মঞ্চে সবাই একে অপরের পাশে এসে দাঁড়িয়েছেন। রাজ্যবাসী পুজোয় মেতে উঠলেও ডাক্তারদের সংগঠনের আর্জি মানুষ যেন ‘অভয়ার’ কথা ভুলে না যান।
ডাক্তারদের অনুরোধ মেনে পুজো উদ্যোক্তারা পদক্ষেপ করেন কী না সেদিকে নজর থাকবে। তবে দেবীর আগমনের আগে তাঁরাও যে আন্দোলন থেকে সরে আসবেন না সে বিষয় পরিষ্কার।