হাওড়া ব্রিজে দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল শহরে। পুলিশি তদন্তে কী উঠে আসছে, তা ঘিরে বাড়ছে কৌতূহল।

হাওড়া ব্রিজে খুন (প্রতীকী ছবি)
শেষ আপডেট: 4 February 2026 17:26
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার রাতে ভিড়ে ঠাসা হাওড়া ব্রিজে উদ্ধার হল এক ব্যক্তির রক্তাক্ত দেহ। রাতেই পুলিশ তা উদ্ধার করে ঘটনাস্থল থেকে নিয়ে যায়। ব্রিজেই খুন করা হয়েছে না দেহ অন্য কেউ ফেলে গেছে, তা নিয়ে কিছু স্পষ্ট হয়নি।
মঙ্গলবার রাতের দিকে অফিসের ভিড় যখন কমতে থাকে, তখন হঠাৎই এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। প্রথমে বিষয়টি এড়িয়ে গেলেও ওই ব্যক্তি নড়াচড়া না করায় সন্দেহ হয়। দেহে প্রাণ নেই বুঝতে পেরে তারাই পুলিশে খবর দেন। পুলিশ এসে পরীক্ষা করে দেহটি সেখান থেকে সরিয়ে নিয়ে যায়।
হাওড়া ব্রিজের মতো জনবহুল এলাকায় দেহ উদ্ধার হওয়ায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ব্রিজেই খুন করা হল কি না সে নিয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। মৃতের নাম-পরিচয় এখনও জানা যায়নি। এর সঙ্গে কারা জড়িত, সেটাও জানার চেষ্টা চলছে।
খাস কলকাতায়, হাওড়া ব্রিজের মতো জায়গায় এমন দেহ উদ্ধারের পর প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। নিত্যযাত্রীদের অনেকেই বলছেন, 'যা চলছে আশপাশে, কোনদিন দেখব আমিও বাড়ি ফিরলাম না।'
এনিয়ে পুলিশ-প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি এখনও।