দক্ষিণ ২৪ পরগনার সাগরের চকফুলডুবি দুর্গোৎসবে এবারের থিম ছিল 'অপারেশন সিঁদুর'। কিন্তু প্রশাসনের আপত্তির কারণে শেষপর্যন্ত মণ্ডপ খুলে ফেলতে হচ্ছে উদ্যোক্তাদের।

'অপারেশন সিঁদুর' থিমে আপত্তি!
শেষ আপডেট: 25 September 2025 16:43
দ্য ওয়াল ব্যুরো: ৭২ বছরের পুরনো পুজোকে কেন্দ্র করে সরগরম রাজনীতি! দক্ষিণ ২৪ পরগনার সাগরের চকফুলডুবি দুর্গোৎসবে এবারের থিম ছিল 'অপারেশন সিঁদুর'। কিন্তু প্রশাসনের আপত্তির কারণে শেষপর্যন্ত মণ্ডপ খুলে ফেলতে হচ্ছে উদ্যোক্তাদের। তাঁদের দাবি, থিমের জন্যই চাপ দেওয়া হয়েছে। এখন প্রশ্ন উঠছে, সরকারি অনুদান ফেরত দেওয়ার সিদ্ধান্তর জন্যই কি আপত্তি জানানো হয়েছে।
জানা গেছে, কয়েক মাস আগে থেকেই পুজোর থিম ঠিক করা হয়েছিল। সেই মতো ফেস্টুন ছাপানো হয়েছিল, টাঙানো হয়েছিল ব্যানারও। প্যান্ডেলের কাজ প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছয়। কিন্তু প্রশাসনের আপত্তির কারণে কাজ বন্ধ রাখতে হল। খুলে ফেলতে হচ্ছে মণ্ডপ।
এদিকে, পুজো উদ্যোক্তারা স্থানীয় প্রশাসনের দিকে আঙুল তুললেও অভিযোগ খারিজ করেছেন তৃণমূল বিধায়ক বঙ্কিম হাজরা। সাগরের বিধায়কের পাল্টা দাবি, থিমের জন্য কোনও চাপ দেওয়া হয়নি।
স্থানীয় বাসিন্দাদের কথায়, পুজোর সঙ্গে তৃণমূলের স্থানীয় নেতারা যুক্ত আছেন। তবুও 'অপারেশন সিঁদুর' থিমের কাজ শুরু হয়েছিল। আমন্ত্রণপত্র ছাপানো হয়ে গেছিল। বিধায়কের কাছেও আমন্ত্রণ পাঠানো হয়ে গেছে। শেষ মুহূর্তে মণ্ডপ খুলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হল।
কয়েকজনের আরও অভিযোগ, এলাকার বিধায়কই থিম নিয়ে সরব হন এবং অনুদান বন্ধ করার হুমকি দিয়েছেন। তাই গত সোমবার পুজো উদ্যোক্তারা বৈঠক করে সিদ্ধান্ত নেন যে পুজোর অনুদান ফিরিয়ে দেওয়া হবে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক।