
শেষ আপডেট: 21 January 2023 09:23
দ্য ওয়াল ব্যুরো: ৩০ জানুযারি শ্রীনগরে শেষ হবে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra)। তার চারদিন আগে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে কংগ্রেস (Congress) শুরু করতে চলেছে নতুন কর্মসূচি ‘হাতে হাত জোড়ো অভিযান (haat se haat jodo)। ওই দিন গোটা দেশে মানব-বন্ধন কর্মসূচি পালন করবে কংগ্রেস।
এই কর্মসূচির আভাস কংগ্রেস আগেই দিয়েছিল। ঠিক ছিল শুধু প্রজাতন্ত্র দিবসেই সারা দেশে এই কর্মসূচি পালন করবে তারা। আজ কংগ্রেস নেতা জয়রাম রমেশ এবং কেসি বেণুগোপাল সাংবাদিক সম্মেলন করে জানান, এই কর্মসূচি চলবে দু’মাস।
কংগ্রেসের ঘোষণায় স্পষ্ট দলীয় নেতৃত্ব আগামী লোকসভা নির্বাচন পর্যন্ত মাঠে-ময়দানে ব্যস্ত রাখতে চায় পার্টিকে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর কংগ্রেস নিষ্ক্রিয় হয়ে পড়েছে বলে বারে বারে অভিযোগ শোনা গিয়েছে দলের বাইরে, ভিতরেও।
রমেশ, বেণুগোপালরা শনিবার ভারত জোড়ো যাত্রার সঙ্গে হাতে হাত জোড়ো যাত্রার পার্থক্য তুলে ধরেন। তিনি বলেন, ভারত জোড়ো যাত্রার সঙ্গে নির্বাচনের কোনও সম্পর্ক নেই। রাহুল গান্ধী ভারতের জনগণের মধ্যে ঐক্যের বাতাবরণকে মজবুত করতে ভারত জোড়ো যাত্রা করছেন। তিনি সমাজের সব অংশের মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করেছেন। মানুষও তাঁকে গ্রহণ করেছে।
অন্যদিকে, হাতে হাত জোড়ো কর্মসূচি পুরোপুরি রাজনৈতিক বলে কংগ্রেস জানিয়েছে। নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে দেশবাসীকে সংঘবদ্ধ করতে এই অভিযান। কংগ্রেস আজ মোদী সরকারের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে। তাতে নরেন্দ্র মোদীর সরকারের ব্যর্থতা, অনাচারের কাহিনি তুলে ধরা হয়েছে। রমেশ বলেন, দু-মাসের হাতে হাত জোড়ো কর্মসূচি নিয়ে কংগ্রেস সব ঘরে যাবে। তুলে ধরবে মোদী সরকারের ব্যর্থতা এবং কংগ্রেস কোন দিকে দেশকে চালিত করতে চায় তার রূপরেখা।
চে কন্যা আর নাতনিকে নিয়ে আবেগে ভাসল উত্তরপাড়া, গণভবনে সংবর্ধনা