
শেষ আপডেট: 11 October 2023 21:16
দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিনে ডেঙ্গির বাড়বাড়ন্তে কাঁপছে বাংলা। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় হু হু করে বেড়েই চলেছে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা। একের পর এক মৃত্যুর খবরে বাড়ছে উদ্বেগ। তাই এবার পুজোর আগে ডেঙ্গি নিয়ে সতর্ক প্রশাসন। বুধবার সমস্ত জেলার জেলাশাসক, স্বাস্থ্য দফতরের আধিকারিক সহ পুলিশ প্রশাসনের কর্তাদের নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব। সূত্রের খবর, নজরদারি বাড়ানো সহ ডেঙ্গি প্রতিরোধে যাতে কোনও রকম শিথিলতা না দেখানো হয় সে বিষয়েই প্রশাসনের তরফে নিশ্চিত করতে বলা হয়েছে।
ঠিক কী কী নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব? পুরসভা এলাকার কাউন্সিলরদের নিজ নিজ এলাকার দিকে নজর দিতে হবে। বিশেষ নজর দিতে হবে শহরতলী এলাকার দিকেও। প্রয়োজনে জেলাশাসকরা কাউন্সিলরদের সঙ্গে কথা বলে ডেঙ্গির বিষয়ে আপডেট নিয়ে তথ্য সংগ্রহ করবেন। মহালয়ার পর দুদিন অর্থাৎ ১৫ থেকে ১৬ অক্টোবর রাজ্য জুড়ে চলবে বিশেষ ডেঙ্গি অভিযান।
বৈঠকে রেল এবং মেট্রো কর্তৃপক্ষকে পরিচ্ছন্নতা বজার রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও পুজোর সময়ে পরিষ্কার রাখতে হবে ট্যুরিস্ট স্পটগুলি। ডেঙ্গি অভিযান চলবে রাজ্যের হাসপাতালগুলিতেও। ডেঙ্গি প্রতিরোধের সঙ্গে যুক্ত রাজ্যের সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। সমস্ত বেসরকারি হাসপাতালকেও মেনে চলতে হবে রাজ্য সরকারের নির্দেশিকা। ইতিমধ্যে নবান্নর তরফে পুজো কমিটিগুলিকেও সর্তক থাকতে বলা হচ্ছে।
সরকারি নথি বলছে, রাজ্যে ডেঙ্গির প্রকোপ এখন কমতির দিকে। সেক্ষেত্রে উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গের যে সব এলাকায় বন্যার জল নামতে শুরু করেছে, সেখানে ব্লিচিং পাউডার ছড়ানো সহ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এদিনের বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে। যদিও ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যার গ্রাফ কমেনি বলেই মত চিকিৎসক মহলের। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া জেলার কিছু কিছু এলাকা থেকে এখনও ডেঙ্গি আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। ফলে সেই সব এলাকায় পুজোর দিনেও নজরদারি চালানোর নির্দেশ বলেই নবান্ন সূত্রের খবর।