
শেষ আপডেট: 21 November 2023 18:57
দ্য ওয়াল ব্যুরো: নভেম্বরের শেষ। বাতাসে হিম হিম ভাব। তারইমধ্যে মঙ্গলবার থেকে নিউটাউনে শুরু হল বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন। দু'দিনের এই মেগা ইভেন্টের উদ্বোধনে মুখ্যমন্ত্রীর চেনা সাজে অন্য মাত্রা। সাদা শাড়ির উপর এদিন অফ হোয়াইট ওয়েস্ট কোটে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। জল্পনা শুরু হতেও সময় লাগেনি। এভাবেই শীতের পরশের সঙ্গে বাণিজ্য সম্মেলনের কর্পোরেট কালচারের মেলবন্ধন ঘটিয়েছেন তিনি। ঘনিষ্ঠ বৃত্ত ব্যাখ্যা করেছেন এভাবেই। এর আগে দুবাইয়ে শিল্প সম্মেলনে কোট পরতে দেখা গিয়েছিল তাঁকে। তবে কলকাতা শহরে এই প্রথম।
ভারতীয় রাজনীতির পরিবৃত্তে ওয়েস্ট কোট অনেক রাজনীতিবিদের স্টাইল স্টেটমেন্ট তৈরি করেছে আলাদা করে। যেমন জওহরলাল নেহেরুর সৌজন্যে কোটের নামই হয়ে যায় জহর কোট। এখন যেমন মোদী কোট। সুষমা স্বরাজ কোট পরতেন শাড়ির রঙের সঙ্গে রং মিলিয়ে। দিল্লির শীত তাতে কতটা জব্দ হতে পারে, সেই তর্ক তোলা থাক। তবে দৃষ্টিনন্দন সেই সাজ যে তাঁর আলাদা স্টাইল স্টেটমেন্ট তৈরি করেছিল তা বলাই বাহুল্য।
সাদামাটা সাজেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে অভ্যস্ত আমজনতা। সাদা শাড়ি-ব্লাউজ আর পায়ে হাওয়াই চটি। শীত এলে গায়ে একটা চাদর। শিলঙের কড়া ঠান্ডায় অবশ্য জ্যাকেট উঠেছিল গায়ে। দুবাইয়ে শিল্প সম্মেলনেও কোট পরতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে। তবে এবারই প্রথম কলকাতা শহরের মানুষ কোট পরে দেখলেন তাঁকে।
ডিজাইনার অভিষেক রায় বললেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে গ্রাসরুট লেভেল থেকে উঠেছেন। তাই তাঁর আচার ব্যবহার, কথাবার্তার ভঙ্গিমা থেকে সাজপোশাক সবকিছুই খুব সাধারণ । এই সিমপ্লিসিটিই তাঁর ব্যক্তিত্ব। তাঁকে কোনও দিনও আমরা খুব উজ্জ্বল রঙের শাড়ি পোশাক পরতে দেখিনি। আজকের বিজনেস সামিটে তিনি যে অফ হোয়াইট ওয়েস্ট কোটটা পরেছেন সেটাতে ওঁকে খুব ভাল লাগছে। শাড়ির সঙ্গে এই ওয়েস্ট কোট খুব সুন্দর করে ক্যারি করেছেন মুখ্যমন্ত্রী। নিঃসন্দেহে স্মার্ট গেট আপ।
ডিজাইনার অভিষেক দত্ত আবার মুখ্যমন্ত্রীর এই ওয়েস্ট কোট নিয়ে বেশ উচ্ছ্বসিত। বললেন, 'এখন ট্রেন্ডে রয়েছে ওয়েস্ট কোট। ইয়াং জেনারেশন শাড়ির সঙ্গে নানা ধরনের স্লিভলেস কোট পরতে পছন্দ করছেন। এমনকী ব্লাউজ হিসেবেও চলছে শর্ট ওয়েস্ট কোট। হালকা ঠান্ডা পড়েছে বলেই হয়তো মুখ্যমন্ত্রী শাড়ির ওপর এই ওয়েস্ট কোট পরেছেন। অফ হোয়াইট শাড়ির সঙ্গে অফ হোয়াইট ওয়েস্ট কোটে একটা ক্লাসি লুক এসেছে। কন্ট্রাস্ট রঙের পরলে এতটা ভাল দেখাতো না। আর একটা কথা, মুখ্যমন্ত্রীর এই শাড়ির সঙ্গে ওয়েস্ট কোট পরার স্টাইল যদি এবার শীতে রাজ্যের সব মহিলা রাজনীতিক ফলো করেন ,তাহলে বেশ একটা নতুন ট্রেন্ড তৈরি হবে।'