
গ্রাফিক্স - অরিত্র কবিরাজ
শেষ আপডেট: 28 February 2025 21:38
৯ বছর আগের ঘটনা। বাংলায় প্রথম পাঁচ বছর সরকার চালানোর পর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরকারের বড় পুঁজি ছিল গ্রামে রাস্তা তৈরি। সেই রাস্তা তৈরিতে বড় রকমের আর্থিক অবদান ছিল কেন্দ্রে ইউপিএ সরকারের (UPA Government)। কিন্তু দিল্লি কে আর দেখতে গেছে! পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বড় মুখ করে বলতেন, প্রথম মেয়াদে আমরা বাংলায় নতুন পাঁচ হাজার রাস্তা (Rural Road) তৈরি করেছি।
ছাব্বিশের ভোট আসছে। তার আগে সেই রাস্তায় ফিরল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। গ্রামে রাস্তা তৈরির কাজে ডেডলাইন দিয়ে দিল নবান্ন। পষ্টাপষ্টি জানিয়ে দিল, ৩১ মার্চের মধ্যে রাজ্যে ২ হাজার ২৫৫ কিলোমিটার রাস্তার কাজ শেষ করতে হবে।
লোকসভা ভোটের পর পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যেও কিছু ব্যাপারে বাড়তি উদ্যম দেখতে পাচ্ছেন নবান্নের আমলারা। এর একটা সুফল আছে। আবার আমলাতন্ত্রের জন্য যন্ত্রণাও আছে। সুফল হল, মুখ্যমন্ত্রী চাইছেন, কেউ যেন ডেডলাইন মিস না করেন। কদিন আগে দেখা গেছে, বাংলার বাড়ি প্রকল্পের বাস্তবায়নে এমনই ডেডলাইন দিয়েছিলেন তিনি। ৩১ ডিসেম্বরের মধ্যে বাড়ির টাকা অধিকাংশ উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকতেই হবে। রাত দিন এক করে তা করে দেখিয়েছে আমলাতন্ত্র। ফলে রাস্তা নিয়ে চাপ এসেছে নবান্নের চোদ্দ তলা থেকে তা হাল্কা ভাবে নেওয়ার উপায় নেই পঞ্চায়েত দফতরের ও জেলার।
হিসাব মতো রাজ্যের বিভিন্ন জেলায় এখনও ১২৭১টি রাস্তার কাজ বাকি, যার দৈর্ঘ্য মোট ২২৫৪.৬ কিলোমিটার। এর মধ্যে উত্তর ২৪ পরগনা জেলায় ৫৮৭টি নতুন রাস্তা অনুমোদন পেয়েছিল। তার মধ্যে এখনও ২৩৫টি রাস্তার কাজ অসম্পূর্ণ। যার দৈর্ঘ্য ৩১৭ কিলোমিটার। মুর্শিদাবাদ জেলায় ৫৬১টি নতুন রাস্তার অনুমোদন দেওয়া হয়েছিল, যার মধ্যে ২৫৬টি রাস্তার কাজ এখনও অসম্পূর্ণ। অর্থাৎ ৪৫০.৪ কিলোমিটার দীর্ঘ রাস্তার কাজ বাকি। এছাড়াও, বাঁকুড়া জেলায় ৩৮৩টি রাস্তার মধ্যে ৫১টি রাস্তার কাজ বাকি। মানে ১২৯ কিলোমিটার দীর্ঘ রাস্তার কাজ এখনও শেষ হয়নি। কোচবিহারে নতুন ৩৩৮টি রাস্তার মধ্যে ১৬৪টি রাস্তার কাজ অসম্পূর্ণ, যার দৈর্ঘ্য ২৬৪.৩ কিলোমিটার।
এ ছাড়া হুগলিতে ৩৭৯টির মধ্যে ৪৯টি রাস্তা, দার্জিলিংয়ে ৮০টির মধ্যে ৬৩টি রাস্তা, ঝাড়গ্রামে ১০৮টির মধ্যে ৭২টি রাস্তা, আলিপুরদুয়ারে ৩১টি রাস্তার কাজ বাকি।
দক্ষিণ দিনাজপুরেও রাস্তার কাজ বাকি রয়েছে। সেখানে নতুন ৬৭.৭ কিলোমিটার রাস্তা তৈরি করতে হবে। হাওড়ায় নতুন ৪৪টি রাস্তা তৈরি করতে হবে। জলপাইগুড়িতে ৪৯টি রাস্তা, কালিম্পংয়ে ১৯টি রাস্তা ও ৫৭.৪ কিমি এবং মালদায় ১৩০টি রাস্তার তৈরির কাজ বকেয়া রয়েছে।
নবান্নের সূত্রে বলা হচ্ছে, এই সব রাস্তার জন্য চলতি আর্থিক বছর বাজেটে বরাদ্দ করা হয়েছিল। তাই ৩১ মার্চের মধ্যে কাজ শেষ করতে বলা হয়েছে। আগামী আর্থিক বছরের জন্য বাজেটে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ওই টাকা আরও নতুন রাস্তা তৈরির কাজ ও মেরামতির কাজ হবে। তারও হিসাবনিকেষ এবং সমীক্ষা চলছে।