দ্য ওয়াল ব্যুরো : আইএনএক্স মিডিয়া কেসে আগামী সোমবার ফের সিবিআই আদালতে হাজির করানো হবে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমকে। বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট চিদম্বরমকে হেপাজতে চেয়ে সিবিআই কোর্টে আবেদন করে। তার পরেই বিশেষ বিচারক অজয় কুমার কুহার সোমবার বেলা তিনটেয় প্রাক্তন অর্থমন্ত্রীকে সোমবার হাজির করানোর নির্দেশ দেন।
এদিন সরকারপক্ষের কৌঁসুলি তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা কোর্টে বলেন, চিদম্বরমকে হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। অভিযোগ, বিদেশে কয়েকটি ভুয়ো কোম্পানির মাধ্যমে টাকা তছরুপ করেছিলেন চিদম্বরম। সেই অর্থ রাখা হয়েছিল ১৭ টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ওই ভুয়ো কোম্পানি ও ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি সম্পর্কে চিদম্বরমকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।
আইএনএক্স মিডিয়া কেসে চিদম্বরমের বিরুদ্ধে তদন্ত করছে সিবিআই এবং ইডি। অভিযোগ, ২০০৭ সালে অর্থমন্ত্রী থাকাকালীন তিনি আইএনএক্স মিডিয়া নামে এক সংস্থাকে বে আইনিভাবে ৩০৫ কোটি টাকা বিদেশি বিনিয়োগ পাইয়ে দিয়েছিলেন। বিনিময়ে ওই মিডিয়া সংস্থা চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরমের ব্যবসায় সাহায্য করেছিল। ২০১৭ সালে সিবিআই ও ইডি চিদম্বরমের বিরুদ্ধে ওই মামলা চালু করে।
গত ২১ অগস্ট প্রবীণ রাজনীতিক চিদম্বরমকে গ্রেফতার করে সিবিআই। দু'সপ্তাহ তিনি থাকেন সিবিআই হেপাজতে। ৫ সেপ্টেম্বর তাঁকে তিহাড় জেলে পাঠানো হয়। তদন্তকারী সংস্থার বক্তব্য, চিদম্বরম জেরায় সব প্রশ্নের জবাব দিচ্ছেন না। অনেক তথ্য গোপন করছেন। চিদম্বরম অবশ্য এই অভিযোগ জোরের সঙ্গে অস্বীকার করেন। গোয়েন্দা সংস্থা তাঁর জামিনের আবেদনের বিরোধিতা করে বলেছে, জেলের বাইরে গেলে তিনি বিদেশে পালাতে চেষ্টা করবেন। সাক্ষীদেরও প্রভাবিত করতে চেষ্টা করবেন।