দ্য ওয়াল ব্যুরো: প্যারাগ্লাইড করার জন্য আফ্রিকার শৃঙ্গ থেকে ঝাঁপ দেওয়ার পরে ঠিক সময়ে প্যারাস্যুট খুলতে না পারায় দুর্ঘটনায় মৃত্যু হল এক কানাডিয়ান পর্যটকের। শনিবার আফ্রিকার তানজানিয়ায় উচ্চতম শৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারোতে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সূত্রের খবর।
এক আধিকারিক জানান, জাস্টিন কিয়োলো নামের ৫১ বছরের ওই পর্যটক গত ২০ সেপ্টেম্বর কিলিমাঞ্জারো শৃঙ্গে পা রাখেন। তার পরে নামতে শুরু করেন তিনি। এর পরে বেসক্যাম্প থেকে প্যারাগ্লাইডিং করে নামার চেষ্টা করেছিলেন। কিন্তু সময়ে প্যারাসুট না খুলতে পারায় দুর্ঘটনার শিকার হন তিনি।
আফ্রিকার সর্বোচ্চ চূড়া মাউন্ট কিলিমাঞ্জারো। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা ৬০০০ মিটারেরও (২০,০০০ ফুট) বেশি। এই শৃঙ্গে প্রতি বছর ৫০ হাজারেরও বেশি পর্যটক আরোহণ করতে আসেন। সূত্রের খবর, এই পর্যটন থেকে দেশটি প্রতি বছর প্রায় ২৫ লক্ষ মার্কিন ডলার আয় করে। এই মারাত্মক দুর্ঘটনায় এই পর্যটন ব্যবসা ধাক্কা খেতে পারে বলে মনে করছেন অনেকে।