
শেষ আপডেট: 20 October 2023 16:03
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: যানজটে নাকাল বেঙ্গালুরুও। বাঁচতে ভরসা সেই মেট্রোরেল। বেঙ্গালুরুতে মেট্রোরেলের কোচ তৈরি হচ্ছে হিন্দমোটরে রেলের কোচ তৈরির কারখানা টিটাগড় ওয়াগনে। ষষ্ঠীর সকালে সেই কাজেরই তদারকি করে গেলেন তেজস্বী সূর্য। তেজস্বী বেঙ্গালুরু দক্ষিণের বিজেপি সাংসদ।
এদিন সকালে হিন্দমোটরে টিটাগড় ওয়াগনের কারখানায় আসেন তিনি। মেট্রোরেলের কোট তৈরির কাজের তদারকি করেন। পুরো কারখানাই ঘুরে দেখেন বিজেপি সাংসদ এবং বিজেপি জাতীয় যুবমোর্চার সভাপতি তেজস্বী। পরে বলেন, “বাংলার যুবকদের পরিশ্রমে বেঙ্গালুরুর ট্রাফিক সমস্যার সমাধান হবে। এটা খুবই আশার কথা। আমি মাঝেমাঝে বলি, বেঙ্গালুরু নামের মধ্যেও বেঙ্গল আছে। নামের এই মিল দুটি জায়গাকে আরও কাছাকাছি আনবে।”
দ্রুত যাতে মেট্রোরেলের কোচ তৈরির কাজ শেষ হয়, তারজন্য কারখানা কর্তৃপক্ষকে অনুরোধ জানান তিনি। পুজোর মরশুমে এসে পড়ায় বাংলার দুর্গাপুজোও দেখে যাবেন বলেও জানান বিজেপি সাংসদ। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ওঠে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের প্রসঙ্গও। তিনি বলেন, “মহুয়া মৈত্র গরীবদের ভোটে সাংসদ হয়ে বড়লোকদের এজেন্ট হয়ে কাজ করছেন সংসদে। এটা সংসদীয় ব্যবস্থার পক্ষে খুবই লজ্জার। বিষয়টি নিয়ে আইনী প্রক্রিয়া চলছে। এই দেশে কেউ আইনের ঊর্দ্ধে নন।”