
বৈঠকের সময়ের ছবি
শেষ আপডেট: 21 November 2024 12:07
দ্য ওয়াল ব্যুরো: দলেরই পঞ্চায়েত সদস্যাকে মারধরের অভিযোগ উঠল বিজেপির পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। মালদার মানিকচকের অভিযুক্ত পঞ্চায়েত প্রধানকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, প্রধানের দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন ওই বিজেপি সদস্যা। তাই মঙ্গলবার বিজেপি পার্টি অফিসের মধ্যেই তাঁকে মারধর করা হয়। এই ঘটনায় প্রধান-সহ দলেরই চারজনের বিরুদ্ধে মানিকচক থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি সদস্যা পরিবার।
হাসপাতাল পরিষ্কারের নামে ভুয়ো বিল করে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছিল গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শক্তি মণ্ডল-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে এহেন অভিযোগে সরব হন এলাকাবাসীরা।
হাসপাতাল কর্তৃপক্ষ তো বটেই দুর্নীতির ঘটনায় প্রশাসনের কাছেও অভিযোগ দায়ের করেন তাঁরা। তারপরই মীমাংসা করতে মঙ্গলবার সন্ধ্যায় দলীয় বৈঠক ডাকা হয় মানিকচকে।
সেই বৈঠকে উপস্থিত ছিলেন মালদা দক্ষিণের বিজেপি জেলা সভাপতি পার্থসারথি ঘোষ, বিজেপির জেলা সাধারণ সম্পাদক গৌড় চন্দ্র মণ্ডল-সহ অন্যান্য নেতৃত্ব। সেখানেই দুর্নীতির প্রশ্নে দু'পক্ষের মধ্যে বচসা শুরু হয়।
অভিযোগ সেই সময় প্রধান ও তাঁর অনুগামীরা প্রতিমা মণ্ডল নামে ওই মহিলা পঞ্চায়েত সদস্যার ওপর চড়াও হন। শুধু তাই নয়, মেরে নাক ফাটিয়ে দেওয়ারও অভিযোগ ওঠে। আহত পঞ্চায়েত সদস্যাকে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই অভিযুক্ত বিজেপি পঞ্চায়েত সদস্যাকে গ্রেফতার করা হয়।