পুরনো ছুটির মেয়াদ বৃদ্ধি হলেও নিয়ম মেনে চলতি বছরের ১ নভেম্বর থেকে নতুন ছুটির জন্যও আবেদন করতে পারবেন সরকারি কর্মীরা। বাকি নিয়ম ও শর্তাবলী আগের মতোই প্রযোজ্য থাকবে।

গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 11 September 2025 17:41
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য (Big Opportunity State Government Employees) বড় সিদ্ধান্ত নবান্নের (Nabanna)। রাজ্যের সরকারি কর্মীদের লিভ ট্র্যাভেল কনসেশনের (LTC) মেয়াদ এবার একবছর বৃদ্ধি করল রাজ্য। একইভাবে হোম ট্র্যাভেল কনসেশন (HTC) এর সময়সীমাও বৃদ্ধি করা হয়েছে।
ইতিমধ্যে অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যা প্রকাশ্যে আসতে সরকারি কর্মচারীদের মধ্যে খুশির হাওয়া। এর ফলে, যারা নির্ধারিত সময়ের মধ্য়ে এই এলটিসির সুবিধা নিতে পারেননি, তারা আগামী এক বছরের মধ্যে তা গ্রহণ করতে পারবেন।
নবান্ন সূত্রের খবর, বর্তমানে LTC বা লিভ ট্র্যাভেল কনসেশনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ৩১ অক্টোবর ২০২৫। প্রতি তিনবছরে একবার এই সুবিধা পেয়ে থাকেন সরকারি কর্মচারীরা। এবার তা ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত বাড়ানো হল। একইভাবে HTC নির্ধারিত মেয়াদও এক বছর বাড়ানো হল।
অর্থাৎ গত তিন বছরের মধ্যে যে সব সরকারি কর্মী এই সুবিধা নেননি, তাঁরা আগামী এক বছরের মধ্যে এই সুবিধা নিতে পারবেন।
রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই এক বছরের বাড়তি সময় কেবলমাত্র একবারের জন্য দেওয়া হচ্ছে। এটি ভবিষ্যতের ছুটির ক্ষেত্রে কোনও প্রভাব ফেলবে না। অর্থাৎ পুরনো ছুটির মেয়াদ বৃদ্ধি হলেও নিয়ম মেনে চলতি বছরের ১ নভেম্বর থেকে নতুন ছুটির জন্যও আবেদন করতে পারবেন সরকারি কর্মীরা। বাকি নিয়ম ও শর্তাবলী আগের মতোই প্রযোজ্য থাকবে।