
শেষ আপডেট: 26 September 2024 13:47
দ্য ওয়াল ব্যুরো: মহিলা চিকিৎসককে মারধরের অভিযোগ উঠল কাটোয়ায়! জানা গেছে, একটি শাড়ির দোকানে গিয়ে আক্রান্ত হন তিনি। ফেটে যায় মাথা, মুচড়ে গিয়ে কালশিটে পড়ে যায় আঙুলে।
জানা গেছে, বর্ধমানের কাটোয়ায় শাড়ির দোকানে কেনাকাটা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন ওই মহিলা চিকিৎসক। মারধর করার অভিযোগ উঠেছে দোকানের মালিকের স্ত্রীর বিরুদ্ধে।
কাটোয়া মহকুমা হাসপাতালের ওই চিকিৎসক সোফিয়া তাখেলারবামের অভিযোগ, তিনি স্টেশন রোডের একটি শাড়ির দোকান থেকে বেশ কিছু শাড়ি ও ব্লাউজ কেনার পরে, বুধবার দুপুরে দু'টি ব্লাউজ পাল্টাতে গেছিলেন। তখনই তাঁর সঙ্গে খারাপ ব্যবহার, মারধর করা হয়। তাঁর দাবি, মেরে আঙুল ভেঙে দেওয়া হয়েছে, চোট লেগেছে মাথায়।
আহত ওই মহিলা চিকিৎসক এখন হাসপাতালে চিকিৎসাধীন। দোকানের মালিকের স্ত্রীর বিরুদ্ধে কাটোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। দোকানের মালিকও মারধরের ঘটনা স্বীকার করে নিয়েছেন বলা জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পোশাক বদলের জন্য দোকান মালিকের অপেক্ষা করছিলেন চিকিৎসক। সেই সময়েই তাঁর উপরে চড়াও হয় দোকান মালিকের স্ত্রী নয়নমণি বৈরাগ্য। তিনি চিকিৎসককে গালিগালাজ করতে এবং মারতে শুরু করেন। দোকানের মধ্যেই ফেলে চলে চড়, লাথি, ঘুষি। ওই চিকিৎসকের হাত মুচড়ে একটি আঙুলও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ।
পরিবারের সদস্যরা খবর পেয়ে পরে উদ্ধার করেন আহত চিকিৎসককে। ভর্তি করেন হাসপাতালে। চিকিৎসকের স্বামী কাটোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে বলেন, 'এমন ঘটনা ঘটতে পারে, আমি তো ভাবতেও পারছি না। এমনভাবে আমার স্ত্রীকে মেরেছে! আঙুলে কালশিটে পড়ে গিয়েছে, মাথায়, চোখে মেরেছে। চশমা ভেঙে গিয়েছে।'
এদিকে, দোকানের মালিক মারধরের অভিযোগ স্বীকার করে বলেন, তিন শুনেছেন এই ঘটনার কথা। অত্যন্ত নিন্দনীয় ঘটনা বলেও উল্লেখ করেন তিনি। বলেন, 'আমি দুঃখিত। আমি ম্যাডাম ও তাঁর স্বামীর কাছে ক্ষমা চাইছি। কোনও কারণে হয়তো এমন ঘটনা ঘটেছে। ক্ষমা চেয়ে নিচ্ছি।'