দ্য ওয়াল ব্যুরো: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না ভোপালের বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুরের। অথবা তিনি নিজেই থাকেন বিতর্ককে সঙ্গে নিয়ে।
২০০৮ সালে মালেগাঁও ব্লাস্ট মামলায় অন্যতম অভিযুক্ত প্রজ্ঞা ঠাকুর। দীর্ঘ ৯ বছর জেল খাটার পর ২০১৭ সালে জামিনে মুক্তি পেয়েছেন তিনি। আদালতে এখনও এই মামলা চলছে। কিন্তু শুনানিতে ডাক পড়লে একাধিক বার তাঁকে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে হাজিরা এড়াতে দেখা গেছে।
সেই তিনিই কোমর দোলাচ্ছেন বিয়েবাড়িতে। আর প্রজ্ঞা ঠাকুরের নাচের সেই দৃশ্য দেখে কটাক্ষ করতে ছাড়ল না বিরোধীরাও। কংগ্রেস নেতা নরেন্দ্র শৈলজা তো রীতিমতো তথ্যপ্রমাণ দেখিয়ে বিদ্রূপ করলেন।
কিছুদিন আগেই প্রজ্ঞা ঠাকুরের বাস্কেটবল খেলার ভিডিও দেখিয়ে শৈলজা বিতর্ক উস্কে দিয়েছিলেন। এদিন বিয়েবাড়ির ভিডিও দেখিয়ে তিনি লেখেন, যখনই আমরা ভোপালের সাংসদ প্রজ্ঞা ঠাকুরকে দেখি, বাস্কেট বল খেলতে বা লাঠি ছাড়া হাঁটাচলা করতে, অথবা এভাবে আনন্দে নাচতে, আমাদের খুব ভাল লাগে।
https://twitter.com/NarendraSaluja/status/1412772711269498882?s=20
জানা গেছে, নিজের কেন্দ্রে এক দুঃস্থ পরিবারের যমজ বোনের বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন প্রজ্ঞা ঠাকুর। তাঁর প্রতি অশেষ কৃতজ্ঞতাও জানিয়েছেন দুই বোনের বাবা। বলেছেন, আমি যেন নতুন জীবন পেলাম। উনি পাশে না থাকলে মেয়েদের বিয়ে দিতে পারতাম না।
https://twitter.com/NarendraSaluja/status/1410621073607913477?s=20
সেই বিয়ের আসরেই হাজির হয়েছেন ৫১ বছরের বিজেপি সাংসদ। গানের তালে কোমর দোলাতে দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি পায়ে চোটের কথা বলেছিলেন তিনি। এদিন তা নিয়েও খোঁচা দিতে ছাড়েননি কংগ্রেস নেতারা।
মহারাষ্ট্রের মালেগাঁওতে এক মসজিদের সামনে মোটর সাইকেলে বিস্ফোরণ হয়েছিল ২০০৮ সালে। সেই ঘটনায় ৬ জন মারা গিয়েছিলেন, আহত হয়েছিলেন ১০০ জন। এই মালেগাঁও বিস্ফোরণের মামলাতেই অন্যতম অভিযুক্ত হিসেবে নাম জড়ায় প্রজ্ঞা ঠাকুরের। জেলও খাটেন তিনি।