উত্তরবঙ্গের এই সীমান্ত জেলায় এবারের লোকসভা ভোটে জয়ী হয়েছে তৃণমূল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ডেপুটি, নিশীথ প্রামাণিককে পরাস্ত করে প্রায় ৩৮ হাজার ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। আগামী ভোটেও এই ফল ধরে রাখতে মরিয়া তৃণমূল।
.jpeg.webp)
ক্যামাক স্ট্রিটে জেলা নেতৃত্বর সঙ্গে অভিষেক।
শেষ আপডেট: 4 August 2025 14:09
দ্য ওয়াল ব্যুরো: বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা ভোট। ভোটকে ঘিরে এখন থেকেই তেতে উঠছে রাজ্য রাজনীতি। সেদিকে লক্ষ্য রেখেই এবার জেলা ধরে ধরে দলীয় সংগঠনে (District-wide Meeting) নতুন চেহারা আনতে কোমর বেঁধে নামলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
শনিবার কলকাতার ক্যামাক স্ট্রিটে বৈঠকে বসেন কোচবিহার (Cooch Behar) জেলার নেতৃত্বর সঙ্গে। উপস্থিত ছিলেন জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ-সহ একাধিক গুরুত্বপূর্ণ নেতা।
বৈঠকে অভিষেকের সামনে দলের জেলা সভাপতি অভিযোগ করেন, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নাম করে জেলার মানুষকে লাগাতার ভয় দেখানো হচ্ছে। এনআরসি-র তালিকা পাঠানো হচ্ছে একের পর এক। যেন তৃণমূলের নেতা-কর্মীরা বিজেপি বিধায়কদের পায়ে পড়ে ক্ষমা চাইতে বাধ্য হয়, এমন বার্তা দেওয়ার চেষ্টা করছে বিজেপি, অভিযোগ অভিজিতবাবুর।
তৃণমূল সূত্রে খবর, এ ব্যাপারে বৈঠকে জেলা নেতাদের সাফ বার্তা দেন অভিষেক। জানিয়ে দেন, রাজনৈতিকভাবেই বিজেপির এই অপচেষ্টা রুখতে হবে।
অসম সীমান্ত সংলগ্ন এই জেলায় বাংলাভাষার অস্তিত্ব রক্ষার আন্দোলনকে আরও জোরদার করতে বলেন তিনি। বিজেপিকে নিশানা করে অভিষেকের মন্তব্য, “ভয় দেখিয়ে, জাতপাতের নাম করে বিভাজন করে ওরা কিছু করতে পারবে না।"
বৈঠকে দলের নেতাদের তিনি বলেন, “কোচবিহার লোকসভার ফল ধরে রাখতেই হবে। ব্লক ধরে ধরে প্রচারে নামতে হবে। সবাইকে একসঙ্গে চলতে হবে। বিরোধীদের এক ইঞ্চিও জমি ছাড়া যাবে না।”
উত্তরবঙ্গের এই সীমান্ত জেলায় এবারের লোকসভা ভোটে জয়ী হয়েছে তৃণমূল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ডেপুটি, নিশীথ প্রামাণিককে পরাস্ত করে প্রায় ৩৮ হাজার ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। আগামী ভোটেও এই ফল ধরে রাখতে মরিয়া তৃণমূল।
সেজন্য এখন থেকেই বুথ ভিত্তিক সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তা দিয়েছেন অভিিষেক। বিশেষ করে এনআরসি, নাগরিকত্ব ইস্যুতে ভোটারদের মন জয় করতে এবারই কৌশলী অবস্থান নিচ্ছে শাসকদল।
এদিকে এনআরসি প্রসঙ্গে বিজেপির বিরুদ্ধে রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামিকাল অর্থাৎ মঙ্গলবার কোচবিহার জেলার ১৯টি স্থানে বিক্ষোভ সভার আয়োজন করা হবে।
তবে কোচবিহারে দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে ওঠা অভিযোগে জল ঢেলে দেন জেলা সভাপতি অভিজিত দে ভৌমিক। সাফ বলেন, “আমাদের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই। যে বা যারা দ্বন্দ্বের কথা বলছে, তারা ফিতে দিয়ে মেপে দেখিয়ে দিক।” সূত্রের খবর, বৈঠকে সাংগঠনিক স্তরের কিছু রদবদল নিয়ে আলোচনা হয়েছে। শীঘ্রই এই রদবদল হতে পারে।