দ্য ওয়াল ব্যুরো: ভেজাল মদের জেরে মৃত্যু মিছিল যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে। গত দু'দিনে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে সেখানে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বহু মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সূত্রপাত উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলার রামনগর এলাকায়। অভিযোগ, স্থানীয় দোকানগুলি থেকে মদ কিনে খেয়ে অসুস্থ হযে পড়ে অনেক মানুষ। ভেজাল মদের রেশ ছড়ায় আশপাশের গ্রামগুলোতেও। ইতিমধ্যেই ৮ জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতদের অধিকাংশই রানিগঞ্জ এলাকার বাসিন্দা। রামনগর কমিউনিটি হেলথ সেন্টারে চিকিৎসা চলেছে আরও অনেকের।
রাজ্য প্রশাসন জানিয়েছে, ভেজাল মদ তৈরি এবং সেগুলির ডিস্ট্রিবিউশনের সঙ্গে জড়িতদের খোঁজ চলছে। স্থানীয়দের দাবি, এলাকায় সক্রিয় হয়ে উঠেছে একটি চক্র। ক্ষমতায় আসার পর বিহারে মদ নিষিদ্ধ করেন নীতীশ কুমার। কিন্তু চোরাপথে সেখান থেকেই উত্তরপ্রদেশের গ্রামগুলিতে ভেজাল মদ ঢুকছে বলে দাবি করেন অনেকে।
মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জড়িতদের খুঁজে বার করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
চলতি বছর শুরুর দিকে ভেজাল মদের কারণেই উত্তরপ্রদেশে মৃত্যু হয় ৪৪ জনের। যার মধ্যে ৩৬ জন সাহারানপুরের। শুধু উত্তরপ্রদেশ নয় উত্তরাখণ্ডের রুরকিতেও ভেজাল মদ খেয়ে ২৮ জনের মৃত্যু হয়। ২০১১ সাল থেকে এখনও পর্যন্ত উত্তরপ্রদেশে ভেজাল মদ খেয়ে মৃত্যুর মোট ৮টি ঘটনা ঘটেছে। তার মধ্য ৪টি-ই ঘটেছে যোগী আদিত্যনাথের আমলে। সব মিলিয়ে প্রায় ২০০ জন প্রাণ হারিয়েছেন।