দ্য ওয়াল ব্যুরো: ধর্ষণ কাণ্ডের তদন্ত করতে গিয়ে বেধড়ক মার খেতে হল ছ'জন পুলিশকে। দু'জনের অবস্থা আশঙ্কাজনক। বিহারের নওয়াদা জেলার এই ঘটনায় এখনও কেউ ধরা পড়েনি।
পুলিশ জানিয়েছে, দু'টি মেয়েকে অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছিল। তারই তদন্ত করতে গিয়ে অভিযুক্তের বাড়ি যাচ্ছিল পুলিশ। তাকে গ্রেফতার করার নির্দেশ ছিল। আচমকাই, অভিযুক্তের বাড়ি যাওয়ার সময়ে, একটি নদীর ধারে পুলিশের দলটির পথ আটকে, তাদের উপর চড়াও হয় একদল দুষ্কৃতী।
অভিযোগ, বেধড়ক মারা হয় তাঁদের। কিন্তু কাউকে ধরার আগেই দুষ্কৃতীরা পালিয়ে যায়।
গয়ার সিনিয়ার পুলিশ কর্তা রাজীবকুমার মিশ্র বলেন, "গ্রাম থেকে অপহৃত মেয়ে দু'টি বাড়ি ফিরে এসেছে। কিন্তু অভিযুক্তকে ধরতে গিয়ে দুষ্কৃতীদের হামলার মুখে পড়ে পুলিশ। দু'জনের অবস্থা খুবই আশঙ্কাজনক।"
সূত্রের খবর, অভিযুক্ত এলাকার প্রভাবশালী লোক। তার বিরুদ্ধে আগেও এ ধরনের কাজ কর্মের অভিযোগ রয়েছে। দিন কয়েক আগে গ্রাম থেকে আচমকা দুই কিশোরী নিখোঁজ হয়ে যায়। পুলিশে খবর দিলে সন্দেহ করা হয়, ওটা ওই যুবকেরই কীর্তি। তদন্ত চালিয়ে নিশ্চিত হয় পুলিশ।
এর পরেই সিদ্ধান্ত নেওয়া হয়, অভিযুক্তকে গ্রেফতার করা হবে। সেই মতোই তার বাড়ির দিকে যাচ্ছিলেন এক উচ্চপদস্থ কর্তা ও এক কনস্টেবল-সহ ছয় পুলিশকর্মী। তাঁরা আন্দাজও করেননি, মাঝপথে অপেক্ষা করছে দুর্ঘটনা।
হামলাকারীরা অভিযুক্তেরইলোক বলে জেনেছে পুলিশ। তাদের খোঁজ চলছে। খোঁজ চলছে মূল অভিযুক্তেরও। ইতিমধ্যে বাড়ি ফিরে এসেছে অপহৃত মেয়ে দু'টি। তবে তারা কোথায় ছিল, তাদের সঙ্গে কী হয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।