
গঙ্গাসাগর মেলা।
শেষ আপডেট: 18 December 2024 13:46
দ্য ওয়াল ব্যুরো: টানা অশান্তির আবহ পড়শি দেশ বাংলাদেশে। এমন পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে যে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে, তা মঙ্গলবারই সাংবাদিক বৈঠকে স্পষ্ট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও বেশি ওয়াচ টাওয়ার তৈরির কথাও জানিয়েছিলেন। প্রশাসন সূত্রের খবর, গঙ্গাসাগর মেলার জন্য এবারে প্রায় ১২ হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হচ্ছে। রাজ্য পুলিশের পাশাপাশি নজরদারির দায়িত্বে থাকবে নেভি, কোস্ট গার্ড, আইবি-র কর্মীরাও।
প্রশাসনের এক কর্তা বলেন, "গঙ্গাসাগরের কিছু এলাকা স্পর্শকাতর রয়েছে। সংশ্লিষ্ট এলাকায় বাড়তি নজরদারির ব্যবস্থাও করা হচ্ছে। অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে সব ধরনের পদক্ষেপ করা হচ্ছে।"
সূত্রের খবর, অন্য বারের তুলনায় এবারে শুধু ওয়াচ টাওয়ারের সংখ্যা বাড়ানোয় নয়, সেগুলির উচ্চতাও বৃদ্ধি করা হচ্ছে। অনেকটা বেশি এলাকা জুড়ে নজরদারি চালানোর জন্যই এই ব্যবস্থা করছে প্রশাসন।
অন্যবারে মেলা শেষ হওয়ার পর পুলিশ কর্মীদের ডিউটি শেষ হয়ে যায়। এবারে মেলা শেষের পর সঙ্গে সঙ্গে পুলিশ কর্মীদের ডিউটি শেষ হয়ে যাবে না। পরবর্তী নির্দেশ না যাওয়া পর্যন্ত মেলা শেষের পরও সেখানে পুলিশ পোস্টিং অব্যাহত রাখার কথা বলা হয়েছে। এই নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির জেরেই যে নিরাপত্তার এই বজ্রআঁটুনি তাও স্পষ্ট। প্রসঙ্গত, সোমবার মেলার প্রস্তুতি সংক্রান্ত বৈঠকে সরাসরি বাংলাদেশের নামোল্লেখ না করে মমতা বলেন, "কারণটা বলছি না। তবে এবারের পরিস্থিতি বেশ ভালনারেবল।"