
শেষ আপডেট: 23 December 2023 12:53
দ্য ওয়াল ব্যুরো: রাজনৈতিক সংঘর্ষকে কেন্দ্র করে শুক্রবার রাত থেকে যথেচ্ছ বোমাবাজির অভিযোগ বীরভূমের দুবরাজপুরে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
গ্রাম দখলকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা বলে স্থানীয় সূত্রের দাবি। জানা গেছে, দুবরাজপুরের ঘোষ মহম্মদপুর গ্রামের দখল নিয়ে বেশ কিছুদিন ধরেই শেখ নাসির এবং শেখ আজিম গোষ্ঠীর মধ্যে গোলমাল চলছিল। শুক্রবার রাতে তা বড় আকার নেয়। এক পক্ষ এলাকা দখলের চেষ্টা শুরু করলে অপর পক্ষ প্রতিরোধ গড়ে তোলে। ঘটনায় দশটি বাড়িতে যথেচ্ছ ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে।
স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন, রাত আটটার পর হামলার ঘটনা ঘটে। মুড়িমুরকির মত বোমাও ফেলা হয় বলে অভিযোগ। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় দুবরাজপুর থানার পুলিশ। শনিবার সকালেও এলাকায় পুলিশি টহল রয়েছে। গ্রামের পরিবেশ থমথমে। পুরুষেরা বাড়ি ছাড়া। ইতি উতি ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বোমার টুকরো।
বিজেপি স্থানীয় নেতৃত্বের অভিযোগ, তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষেই এই ঘটনা। যদিও অভিযোগ উড়িয়ে তৃণমূলের জেলা নেতা মলয় মুখোপাধ্যায় বলেন, “এলাকার দুটি সমাজবিরোধী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে শুনেছি। খবর পেয়ে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নতুন করে যাতে পরিস্থিতি অবনতি না হয় সেদিকে নজর রাখছেন পুলিশের কর্তারা।”
পুলিশ সূত্রের খবর, হামলার ঘটনার ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।