দ্য ওয়াল ব্যুরো: রাত হলেই বাড়ছে বেপরোয়া গাড়ির তাণ্ডব। ফের দুর্ঘটনার সাক্ষী থাকল শহর। বেপরোয়া একটি গাড়ি সোজা গিয়ে ধাক্কা মারল পরপর দুই পুলিশের গাড়িতে। আহত হয়েছেন দুজন।
শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বাঘাযতীন ব্রিজ থেকে নামার মুখে হাইল্যান্ড পার্কের মোড়ে। রাত সাড়ে ১১টা নাগাদ সেখানে একটি পুলিশ কিয়স্কে আচমকাই ধাক্কা মারে বেপরোয়া একটি চারচাকার গাড়ি। চালক মত্ত অবস্থায় থাকার কারণেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছে বলে খবর।
এরপর সেই গাড়ি ওই পুলিশ কিয়স্কের সামনে দাঁড়িয়ে থাকা দুটি পুলিশের গাড়িতেও ধাক্কা মারে সজোরে। সেই সময় গাড়ির ভিতরে ছিলেন চালক ছাড়াও আরও ৪ জন। তাঁদের মধ্যে ২ জন আহত হয়েছেন বলে খবর। ঘাতক গাড়িটির চালককে গ্রেফতার করেছে সার্ভে পার্ক থানার পুলিশ।