দ্য ওয়াল ব্যুরো : অনিল কুম্বলের দলের হলোটা কি? কিংস ইলেভেন পাঞ্জাব দলের বড় হারের পরে ম্যাচে একটি একটি ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। যা নিয়ে ক্রিকেট দুনিয়া বেশ অবাক। হায়দরাবাদের কাছে হেরে তালিকায় নিচে রয়েছে লোকেশ রাহুলের দল।
দল হেরেছে তাও ঠিক আছে, কিন্তু ম্যাচের একেবারে শেষে একটি মজার ঘটনাও ঘটেছে। এক বলে দুইবার রিভিউ নেওয়া হয়েছে। এবং দুটি ঘটনাই গিয়েছে কিংস ইলেভেনের বিপক্ষে। তার মানে গত ম্যাচে তাদের কোনওভাবেই ‘লাক’ সঙ্গে ছিল না।
হায়দরাবাদের পক্ষে যাওয়া ঘটনাটিতে বোলার ছিলেন খলিল আহমেদ এবং ব্যাটসম্যান ছিলেন মুজিব উর রহমান। এই রিভিউ কাণ্ডে আম্পায়ার ছিলেন অনিল চৌধুরী। সেইসময় পাঞ্জাবের ব্যাটিং ইনিংসের ১৪ ওভার চলছে। পাঁচ উইকেট হারিয়ে পরাজয় প্রায় নিশ্চিত হয়ে গেছে কুম্বলের দলের। সেই ওভারটি করছিলেন খলিল, ওভারের পঞ্চম বলে স্ট্রাইকে ছিলেন সদ্য উইকেটে আসা মুজিব। ফুল লেন্থের ডেলিভারিতে ড্রাইভ করতে চেয়েছিলেন মুজিব। কিন্তু সেটি ব্যাটের বাইরের কানায় লেগে চলে যায় উইকেটরক্ষক জনি বেয়ারস্টোর হাতে।
সঙ্গে সঙ্গে আবেদন করেন খলিল ও বেয়ারস্টো। সেই আবেদনে সাড়া দেননি আম্পায়ার অনিল, আবার আবেদন নাকচও করে দেননি। তিনি বরং ১৫ সেকেন্ড অপেক্ষা করেন রিভিউ নেওয়ার জন্য। সেটি শেষ হতেই থার্ড আম্পায়ারের কাছে রিভিউ করেন অনিল নিজেই। কেননা তাঁর সংশয় ছিল, বলটি হয়তো মুজিবের ব্যাট স্পর্শ করে মাটিতে পড়ে তারপর বেয়ারস্টোর গ্লাভসে জমা পড়েছে।
‘সফট সিগন্যাল’ হিসেবে নটআউট দিয়ে আম্পায়ার রিভিউ ডাকেন অনিল। রিপ্লেতে থার্ড আম্পায়ার যশবন্ত ভার্দে ফিল্ড আম্পায়ারের চাহিদা অনুযায়ী বিষয়টি শুধুমাত্র পরীক্ষা করেন, বলটি মাটিতে লেগে উইকেটরক্ষকের গ্লাভসে গিয়েছে কি না। সেখানে দেখা যায়, ব্যাটে লেগে সরাসরিই গিয়েছে বেয়ারস্টোর গ্লাভসে। তাই আউটের সিদ্ধান্ত জানান থার্ড আম্পায়ার।
এই রিভিউতে ব্যাটে লেগেছে কি না সেটি পরীক্ষা করেননি থার্ড আম্পায়ার ভার্দে। যা মনঃপুত হয়নি পাঞ্জাব ব্যাটসম্যান মুজিবের। তাই তিনি এবার নেন ব্যাটসম্যান রিভিউ।
মাঠেই আম্পায়ারদের জানান, আল্ট্রা-এজের মাধ্যমে ব্যাটে লাগার বিষয়টিও নিশ্চিত করতে। ফের টিভি রুমে যায় বিষয়টি। দেখা যায়, প্রায় একই সময়ে মুজিবের ব্যাট মাটিতে লাগে এবং বলটিও লাগে ব্যাটে, তাই খানিক বিভ্রান্তি তৈরি হলেও, ভাল করে তা দেখে মুজিবকে আউটের সিদ্ধান্তই জানান থার্ড আম্পায়ার ভার্দে। আউট হয়ে সাজঘরে ফেরেন ৩ বলে ১ রান করা মুজিব। যদিও আফগান স্পিনার ম্যাচের মধ্যে ‘খেলা’ জমিয়েও দেন।