অশোক মালহোত্রা
কিছু কিছু দিন এমনই যায়, যা করবে তাই ঠিক, যা করতে চাইবে, সেটাই হয়ে যাবে। শনিবার আবুধাবির মাঠে যেমন ব্যাটিং করলেন মায়াঙ্ক আগরওয়াল (৩৯ বলে ৫৬) ও লোকেশ রাহুল (৫৮ বলে ৭৪)। বিপক্ষ দলের ১৬৪/৬ রান তাড়া করতে গিয়ে পাঞ্জাবের এই ওপেনিং জুটিই তুলে দিয়েছিল ১১৫ রান।
বাকি ৪৯ রান করতে হবে, হাতে প্রায় ছয় ওভার। এরকম পরিস্থিতিতে দলের জয়ের রান তুলতে অসুবিধে হওয়ার কথাই নয়। কিন্তু খেলাটির নাম যেহেতু ক্রিকেট, তাই শেষ ওভারে এসে নিশ্চিত হল পাঞ্জাবের হার। উইনিং লাক তাদের সঙ্গে ছিল না, বরং শেষ রাতে বাজিমাত কেকেআরের, তারা দুই রানে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে নিল। পাঞ্জাব শেষপর্যন্ত করতে পেরেছে ১৬২/৫।
যে কোনও আইপিএলের ম্যাচে, যে খেলাগুলিতে একেবারে শেষে গিয়ে ফয়সালা হয়েছে, সেই সব ম্যাচগুলিতে দেখা গিয়েছে একদম শেষের চার ওভারে খেলার ভবিষ্যৎ পেন্ডুলামের মতো দুলেছে। বোলাররা ভাল ফল করলে, ব্যাটিং করা দল সুবিধে করতে পারেনি। আর ব্যাটিং ইনিংস ভাল হলে বিপক্ষ দলের জয়ের হাসি মিলিয়ে গিয়েছে।
কেকেআরের বোলিং বদলটাও একটি কৌশলের ওপর নির্ভর করে হচ্ছে। নারিন গত ম্যাচেও দলের জয় আনতে সহায়তা করেছিল। এদিনও তাই। নারিন তুলে নিল নিকোলাস পুরান ও মনদীপ সিংকে। দলের সফল বোলার যদিও প্রসিদ্ধ কৃষ্ণ, ২৯ রানে তিন উইকেট নিয়েছে।
দীনেশ কার্তিকের ইনিংসের দাম থাকল, কেকেআর নেতার ব্যাট থেকে এল ২৯ বলে ৫৮ রান, যাতে রয়েছে ৮টি চার ও দুটি ছক্কা। বরং ট্র্যাজিক নায়ক হয়ে গেলেন বিপক্ষ দলের ক্যাপ্টেন লোকেশ রাহুল। তাঁর ইনিংসটিও ছিল দেখার মতো। লোকেশ মেরেছে ছয়টি চার। তবে কার্তিক এমন একটা ইনিংস খেলে দিয়েছে, যা দেখে মনে হচ্ছিল এই ইনিংস এতদিন কোথায় ছিল তোমার? আমরা তোমার হাত দিয়ে এমন ইনিংসের আশায় ছিলাম।
একটা দিক খুব ভাল লাগল দীনেশের ক্ষেত্রে। সেটি ওর আত্মবিশ্বাস। এত সমালোচনা হয়েছে, বলা হয়েছে একবার ওপেন করুক দলের স্বার্থে, কেউ বলেছেন, একেবারে ছয় কিংবা সাতে চলে গিয়ে ব্যাটিং করুক। এসব সমালোচনা হলেও দীনেশ নিজের প্রতি আত্মবিশ্বাসী ছিল, তাই জানত কোনও না কোনও ম্যাচে রানে ফিরবে। এই ম্যাচে শুভমান গিল ছাড়া বাকিরা সবাই প্রায় ব্যর্থ, তাই এই ম্যাচে কার্তিককে ভাল খেলতেই হতো। যদি না খেলতে পারত, তা হলে ওর পক্ষে ভাল হতো না।
সংক্ষিপ্ত স্কোর : কলকাতা নাইট রাইডার্স ২০ ওভারে ১৬৪/৬। দীনেশ কার্তিক ৫৮ , শুভমান গিল ৫৭, মরগ্যান ২৪।
কিংস ইলেভেন পাঞ্জাব : ২০ ওভারে ১৬২/৫। লোকেশ ৭৪, মায়াঙ্ক ৫৬, প্রসিদ্ধ ৩/২৯, নারিন ২/২৮।
কেকেআর জয়ী দুই রানে।